হাম উপসর্গে আরও ৪ মৃত্যু

দেশে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৯ জন।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৭ জনের। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০১ জন প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ১০৮ জন মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১২৮ জন হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২২১। এই সময়ে ১ হাজার ১৪৫ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৭৩১, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৫২০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৬৯ হাজার ৮০০ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৬২ হাজার ৮৭৩ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।