ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ১২ দেশ থেকে ভোট দিতে ২৯ জন প্রবাসী আবেদন করেছেন। তাদের ইতোমধ্যে ডাকযোগে ব্যালট পাঠানো হয়েছে।
বুধবার ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুকদের আবেদন করতে বলেছিল ইসি। এতে যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছিলেন পাঁচজন। মালয়েশিয়া থেকে চারজন, যুক্তরাজ্য থেকে চারজন, কানাডা থেকে চারজন আবেদন করেছেন।
সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া থেকে দুইজন করে নিবন্ধন করেছিলেন। এছাড়া জার্মানি, ইতালি, পুর্তগাল ও অস্ট্রিয়া থেকে একজন করে নিবন্ধন করেছিলেন।
এদিকে দেশের অভ্যন্তরে এবং ভোটের কাজে নিয়োজিত ব্যক্তি কিংবা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে ইচ্ছুক তারা আগামী ৮ অক্টোবর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দিতে এখন পর্যন্ত ১২৩ জন আবেদন করেছেন।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে ছয় প্রার্থীর মনোনয়নপত্র ইতিমধ্যে বৈধ হয়েছে। আপিল দায়ের করা যাবে ৪ অক্টোবর পর্যন্ত, আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৮ অক্টেবর এবং ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।





