শরৎকাল যেন মুগ্ধতার আরেক নাম। সেই শরতের আমেজ নিতে অনেকেই কাশফুলের কাছে ছুটে যাচ্ছেন। অভিনেত্রী পূজা চেরীও এ থেকে বাদ যাননি। তিনিও গেছেন কাশবনে, ফুলের কোমল স্পর্শ নিয়েছেন, উপভোগ করেছেন প্রকৃতির অনিন্দ্য রূপ।
সম্প্রতি নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন পূজা। তাতে দেখা গেল, ফিরোজা রঙের শাড়িতে সেজে কাশবনে ঘুরতে গেছেন অভিনেত্রী। কখনো কাশফুলের সঙ্গে, কখনো তার পাশে গাছের ছায়ায় ক্যামেরাবন্দি হয়েছেন পূজা।
ছবিগুলোর ক্যাপশনে শরতের বন্দনা করেছেন তিনি। পূজা লেখেন-‘সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা-শরৎ যেন নিজেই এক টুকরো পুজোর গল্প।’
এদিকে কাশবনে পূজাকে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন তাঁর অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘সৌন্দর্যের কোনো সীমা নেই’। আরেকজনের মন্তব্য-‘কাশফুলের সৌন্দর্য শুধু পূজার জন্য’। আবার কেউ পূজার আগাম শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। আধা ঘণ্টারও কম সময়ে পূজার ওই পোস্টে হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে।
প্রসঙ্গত, পূজা দীর্ঘদিন ধরে অভিনয়ে নীরব। অনেক দিন হলো নতুন কোনো সিনেমার খবরে পাওয়া যাচ্ছে না তাঁকে। সর্বশেষ পূজাকে দেখা গেছে সৈকত নাসিরের ‘মাসুদ রানা’ সিনেমায়। যদিও সেটার কাজ হয়েছিল কয়েক বছর আগে।





