বিমানবন্দরে হট্টগোল ও মারধর : জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, নিরাপত্তাকর্মীদের লাঞ্ছনা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমানবন্দরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার মামলার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি দায়িত্ব পালনে অন্যায়ভাবে বাধা প্রদান ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে চরম অসদাচরণের অভিযোগে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১ অক্টোবর মদিনা থেকে আগত বিমান বাংলাদেশের একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) ব্যাগেজ ডেলিভারিতে বিলম্ব হওয়ায় আন্তর্জাতিক আগমনী এলাকায় যাত্রীদের অসন্তোষ দেখা দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে পৌঁছালে মেজর (অব.) আখতারুজ্জামান তাঁকে অকথ্য ভাষায় গালাগাল, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি প্রদান করেন। একই সময় তিনি বিমান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে নিয়েও অশালীন বক্তব্য প্রদান করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আখতারুজ্জামানের সঙ্গীরা বিমানবন্দরের সংরক্ষিত স্পর্শকাতর স্থানে অননুমোদিতভাবে ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার বাধা দেন।

এতে ক্ষিপ্ত হয়ে মেজর আখতারুজ্জামান ওই নিরাপত্তা কর্মকর্তা ও বিমান বাংলাদেশ লাইনের কর্মীদের ওপর মারমুখী আচরণ চালান এবং সাধারণ যাত্রীদের সংরক্ষিত জমজমের পানির বোতল ছুঁড়ে ফেলে দেন। উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীতে যোগ দেন আখতারুজ্জামান।