কমেছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ, দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

বাজারে আবারও সরবরাহ কমেছে বোতলজাত সয়াবিন তেলের। প্রতি লিটারে ২ থেকে ৪ টাকা করে বেড়েছে খোলা সয়াবিন ও পাম তেলের দাম। শুধু তেলের দামই নয়, গত এক সপ্তাহে নতুন করে বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম। তবে ব্রয়লার মুরগি ও বিভিন্ন ধরনের মাছের বাজার আগের মতোই সেই বাড়তি দামেই আটকে রয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

খুচরা বিক্রেতারা বলছেন, প্রয়োজনের তুলনায় কোম্পানিগুলো বাজারে কম পরিমাণে বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করছেন। যার কারণে তারাও ডিলারদের কাছ থেকে প্রয়োজনের চেয়ে কম সরবরাহ পাচ্ছেন। এ বিষয়ে ডিলাররা খুচরা বিক্রেতাদের জানিয়েছেন, কোম্পানিগুলো তেলের দাম বাড়াতে চায়, এজন্য বাজারে তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে।

বাজার ঘুরে বিভিন্ন দোকানে দেখা যায়, এক, দুই এবং ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল প্রয়োজনের তুলনায় অনেক কম। অনেক দোকানেই নেই দুই ও পাঁচ লিটারের তেলের বোতল।

বিক্রেতাদের দাবি, বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ একেবারে বন্ধ হয়ে গেছে, তা নয়। চাহিদার তুলনায় বাজারে তেলের সরবরাহ একেবারেই কম। আবার অনেক বিক্রেতা সব বোতলজাত তেলের বোতল প্রকাশ্যেও রাখছেন না, দাম বাড়ার আশায়।

সাধারণত বোতলজাত সয়াবিন তেলের সরবরাহে সংকট দেখা দিলে খোলা সয়াবিন তেলের চাহিদা ও দাম বেড়ে যায়। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে খোলা সয়াবিন তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। বর্তমানে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯০ থেকে ১৯৫ টাকায়।

এদিকে, একই সময়ে খোলা পাম তেলের দামও শূন্য দশমিক ৮৮ শতাংশ বেড়ে লিটারপ্রতি ১৭০ থেকে ১৭৫ টাকায় উঠেছে। অর্থাৎ, এক সপ্তাহের ব্যবধানে দুই ধরনের খোলা তেলের দামই লিটারে ২ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে।

চলতি বছরের শুরুতেই ফেব্রুয়ারি মাসের দিকে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহে সংকট দেখা দেয়। এরপর এপ্রিলের শেষ দিকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। গত জুলাই মাসের দিকে আবারও সরবরাহে সংকট দেখা দেয়। পরে ৩ সেপ্টেম্বর লিটারে ৫ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়। এবার আবারও বাজারে তেলের সরবরাহে সংকট তৈরি হয়েছে। অর্থাৎ, চলতি বছরে এ নিয়ে তিন দফায় সয়াবিন তেলের সরবরাহে সংকট দেখা দিল।

এদিকে, দেশে ভোজ্যতেল পরিশোধন ও উৎপাদনকারী কোম্পানিগুলো সয়াবিন তেলের দাম আরও এক দফা বাড়ানোর দাবি জানিয়েছে। এ বিষয়ে গত ২০ সেপ্টেম্বর বাণিজ্যসচিবকে চিঠি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড ভেজিটেবল ফ্যাট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

তবে গত বুধবার সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর দাবি জানালেও সরকার যাচাই-বাছাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। যাচাই-বাছাই শেষ হওয়ার আগে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না বলেও জানান তিনি।