পাহাড়, ঝরনা, মেঘ আর সবুজের অপার সৌন্দর্যের জন্য বান্দরবান দীর্ঘদিন ধরেই দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। তবে পাহাড়ের এই সৌন্দর্য এখন আর শুধু পর্যটকের চোখের আনন্দে সীমাবদ্ধ নেই।
পর্যটনকে কেন্দ্র করে হোটেল-রিসোর্ট, রেস্তোরাঁ, পরিবহন, ট্যুর গাইড, স্থানীয় পণ্য, হস্তশিল্প ও কৃষিপণ্যসহ নানা খাতে গড়ে উঠছে একটি স্থানীয় অর্থনৈতিক বলয়। এর সঙ্গে যুক্ত হচ্ছেন ছোট-বড় অসংখ্য উদ্যোক্তা, তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ।
একজন পর্যটক বান্দরবানে পৌঁছানোর পর থেকেই তার খরচের বড় একটি অংশ স্থানীয় অর্থনীতিতে ছড়িয়ে পড়ে। শহর কিংবা পর্যটনকেন্দ্রে যাতায়াতে জিপ, চাঁদের গাড়ি, অটোরিকশা বা অন্য পরিবহন প্রয়োজন হয়। থাকার জন্য প্রয়োজন হোটেল, মোটেল ও রিসোর্ট।
খাবারের জন্য নির্ভর করতে হয় স্থানীয় রেস্তোরাঁ ও খাবারের দোকানে। দুর্গম বা অপরিচিত এলাকায় ঘুরতে পর্যটকদের অনেকেই স্থানীয় গাইডের সহায়তা নেন। ফলে একজন পর্যটকের সফরকে ঘিরেই পরিবহনচালক থেকে শুরু করে হোটেলকর্মী, রেস্তোরাঁ ব্যবসায়ী, ট্যুর গাইড, ক্ষুদ্র দোকানি-বিভিন্ন পর্যায়ের মানুষের আয়ের সুযোগ তৈরি হচ্ছে।
পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে, পর্যটকের সংখ্যা ও চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বান্দরবানের পর্যটন ব্যবসার ধরনেও পরিবর্তন এসেছে।
একসময় অনেক ব্যবসাই নির্দিষ্ট মৌসুমের ওপর নির্ভরশীল ছিল। এখন পর্যটকদের চাহিদা মাথায় রেখে অনেক উদ্যোক্তা বছরজুড়ে সেবা দেওয়ার চেষ্টা করছেন। নতুন করে তৈরি হচ্ছে আবাসন, খাবার, পরিবহন ও ভ্রমণসেবাকেন্দ্রিক ব্যবসা।
পর্যটন অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে স্থানীয় পণ্য। পাহাড়ি তাঁতের পোশাক, বাঁশ-বেতের সামগ্রী, হাতে তৈরি অলংকার ও হস্তশিল্পের পাশাপাশি পাহাড়ি মসলা, মধু, আচারসহ বিভিন্ন পণ্য পর্যটকদের কাছে আকর্ষণ তৈরি করছে। বিশেষ করে পাহাড়ি নারীদের তৈরি পোশাক ও হস্তশিল্পের বাজার পর্যটনকে কেন্দ্র করে আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ রয়েছে।
পর্যটকদের কাছে এসব পণ্যের সরাসরি বাজার তৈরি করা গেলে নারীদের আয় ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে অংশগ্রহণ আরও বাড়তে পারে। কৃষিপণ্যের ক্ষেত্রেও রয়েছে বড় সম্ভাবনা। বান্দরবানের বিভিন্ন এলাকায় উৎপাদিত ফলমূল, মসলা, মধু ও অন্যান্য কৃষিপণ্য স্থানীয় বাজারের পাশাপাশি পর্যটকদের কাছে আরও পরিকল্পিতভাবে তুলে ধরা যেতে পারে।
স্থানীয় কৃষিপণ্য ব্যবহার করে খাবার তৈরি, প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত পণ্য বিক্রি কিংবা বান্দরবানের নিজস্ব বিশেষ পণ্য হিসেবে ব্র্যান্ডিং করা গেলে এর সুফল সরাসরি কৃষক ও স্থানীয় উদ্যোক্তাদের কাছে পৌঁছাতে পারে। তবে সম্ভাবনার পাশাপাশি উদ্যোক্তাদের নানা সীমাবদ্ধতাও রয়েছে।
বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, ‘বান্দরবানকে আমরা সন্ধ্যাকালীন ট্যুরিজম বা সিটি ট্যুরিজমের দিকে ধাবিত করার জন্য কাজ করছি, যাতে পর্যটকেরা সন্ধ্যায় ভালো সময় কাটাতে পারেন।’





