পুজোর আগেই জমে উঠেছে দেব ও শুভশ্রী গাঙ্গুলীর ‘দেশু ৭’-এর প্রচার। আগরতলা, শিলিগুড়ি ও শ্রীরামপুরের পর এবার পশ্চিমবঙ্গের দুর্গাপুরে প্রচারে হাজির হয়েছিলেন টালিউডের জনপ্রিয় এই জুটি। মঞ্চে নাচ-গান আর দুজনের উপস্থিতিতে তৈরি হয় উন্মাদনা। তবে প্রচারের আলো ছাপিয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি চর্চা হচ্ছে তাদের পুরোনো সম্পর্ক ঘিরে।
দুর্গাপুরের প্রচার অনুষ্ঠানে দেবের পরনে ছিল কালো টি-শার্ট ও জ্যাকেট। অন্যদিকে শুভশ্রী নজর কাড়েন জনপ্রিয় ব্র্যান্ড জারার কালো-সাদা পোলকা ডটের হল্টার-নেক মিডি পোশাকে।
তবে পোশাকের চেয়ে শুভশ্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবির কমেন্টবক্সেই বেশি নজর দিয়েছেন নেটিজেনরা। কারণ, দেব-শুভশ্রীর পুরোনো প্রেমের প্রসঙ্গ টেনে একের পর এক মন্তব্য করেছেন ভক্তরা।
২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই জুটির মধ্যে পর্দার রসায়নের পাশাপাশি গড়ে উঠেছিল প্রেমের সম্পর্কও। ২০১৩ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। এরপর দুজনেই জীবনে এগিয়ে গেছেন। শুভশ্রী বিয়ে করেছেন পরিচালক রাজ চক্রবর্তীকে। অন্যদিকে দেবের সঙ্গে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সম্পর্কের কথা দীর্ঘদিন ধরেই আলোচনায়।
তাই বর্তমান সময়ে দেব-শুভশ্রীকে আবারও একসঙ্গে দেখে পুরোনো দিনের প্রসঙ্গ টেনে মজা করতে ছাড়েননি নেটিজেনরা। একজন লিখেছেন, ‘পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তী।’ আরেকজন শুভশ্রীকে উদ্দেশ করে লেখেন, ‘শেষে সেই দেব? তাহলে রাজকে বিয়ে করার কী মানে ছিল?’
আরও এক ভক্ত লিখেছেন, ‘প্রাক্তনের সঙ্গে সময় কাটানোর মজাই আলাদা।’ কেউ আবার মজার ছলে শুভশ্রীকে উদ্দেশ করে মন্তব্য করেছেন, ‘তোমার মতো একজন প্রাক্তন আমার জীবনেও দরকার ছিল।’
অবশ্য দেব-শুভশ্রীর এই পুরোনো সম্পর্কের স্মৃতি ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিলেও, তাদের বর্তমান ব্যস্ততা সিনেমা ঘিরেই। ‘দেশু ৭’ হতে যাচ্ছে এই জুটির একসঙ্গে সপ্তম সিনেমা। ছবিতে অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করছেন দেব।
পুজোর আবহে দর্শকদের সামনে আসছে ‘দেশু ৭’। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির। পুরোনো এ জুটির পর্দার নতুন রসায়ন কতটা জমে, দর্শকদের কতটা টানতে পারে সেটাই সে প্রশ্নের উত্তর মিলবে আগামী ১৫ অক্টোবর।





