ফ্রান্সের বিপক্ষে নিষেধাজ্ঞার কবলে বেলজিয়ামের তারকা ফুটবলাররা

নেশনস লিগে তুরস্কের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পর বড় ধরনের ধাক্কা খেল বেলজিয়াম। আগামী সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় নয়টায় স্তাদ দ্য ফ্রান্সে ফ্রান্সের মুখোমুখি হবে তারা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের অধিনায়ক ইউরি টিলেমান্স এবং মিডফিল্ডের প্রাণভোমরা কেভিন ডি ব্রুইনকে পাচ্ছে না রেড ডেভিলসরা।

টানা কয়েকটি ম্যাচে সতর্কবার্তা (হলুদ কার্ড) পাওয়ায় এই দুই ফুটবলার এক ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। ফলে আন্তর্জাতিক বিরতির ১০ দিনের মধ্যে খেলা চারটি নেশনস লিগ ম্যাচের শেষটিতে তাদের মাঠের বাইরে থাকতে হবে। লিয়েজে তুরস্কের বিপক্ষে বেলজিয়ামের ৩-০ ব্যবধানের জয়ে ডি ব্রুইন ছিলেন নায়ক। তবে ম্যাচের শেষদিকে ফাউলের ​​শিকার হওয়ার পর ক্ষোভ প্রকাশ করায় তিনি হলুদ কার্ড দেখেন। অন্যদিকে টিলেমান্স ম্যাচের প্রায় ৩০ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন।

বেলজিয়ামের কোচ মার্ক ফন বোমেল বলেন, কেভিন কেবল হতাশাই প্রকাশ করেছিল এবং আমার মনে হয় হলুদ কার্ডের পরিণতি সম্পর্কে সে হয়তো বুঝতেও পারেনি। কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম তিন ম্যাচের মধ্যে শুক্রবারের জয়টি ছিল ফন বোমেলের দ্বিতীয় জয়। তবে ম্যাচের ফলাফল যতটা সহজ মনে হচ্ছে, খেলাটি ততটা সহজ ছিল না।

ফন বোমেল বলেন, বল দখলে রাখার ক্ষেত্রে আমরা খুব একটা সতর্ক ছিলাম না। ফলে প্রতিপক্ষ দারুণ সুযোগ তৈরির চেষ্টা করেছিল। আমাদের দ্বিতীয় গোলের আগে আমরা টানা ২০টি পাসও ঠিকঠাক খেলতে পারিনি। ম্যাচটি অনেকটা পিং-পং খেলার মতো ছিল। দীর্ঘ সময় ধরে বল এপাশ-ওপাশ হয়েছে, যদিও আমার কখনোই মনে হয়নি আমরা হেরে যাব।

৩৫ বছর বয়সী ডি ব্রুইন ম্যাচে দুটি গোল করেন এবং ৩৩ বছর বয়সী রেকর্ড গোলদাতা রোমেলু লুকাকু বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে বেলজিয়াম জাতীয় দলের হয়ে নিজের ৯৪তম গোলটি করেন। এই অভিজ্ঞ জুটির প্রসঙ্গে ফন বোমেল বলেন, জাতীয় দলের জন্য তারা এখনো যা করছে তা দারুণ। শুধু নিজেদের জন্যই নয়, দলের বাকিদের জন্যও তারা অবদান রাখছে। ভালো দিনে তারা অন্যদেরও নিজেদের সাথে নিয়ে এগিয়ে যায়।