অটোরিকশা ধর্মঘট-অবরোধে রাজধানীতে চরম জনভোগান্তি

অটোরিকশা ধর্মঘট-অবরোধ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশাচালকেরা। গতকাল অটোরিকশা চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়ার পর আজ সোমবার (৫ অক্টোবর) তারা বিভিন্ন সড়কে অবস্থান নেন। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধ করেছে অটো চালকরা।  এদিন সকাল সাড়ে ১০টার পর থেকে শত শত অটোচালক তাদের কয়েকটি দাবি নিয়ে সড়ক অবরোধ করেন। এ কারণে প্রায় পুরো রাজধানীজুড়ে সকাল থেকে অটো শূন্য অবস্থায় রয়েছে।

ধর্মঘটের আগে গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় মাইকিং করে অটোরিকশা চলাচল বন্ধ রাখার বিষয়টি জানানো হয়। এর ধারাবাহিকতায় আজ উল্লেখযোগ্যসংখ্যক অটোরিকশা সড়কে না থাকায় গণপরিবহনে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকেই রাজধানীর রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অটো প্রায় চলছেই না। সকাল থেকেই শত শত অটোচালক প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে রাস্তায় অবস্থান নেয়। এ সময় দুপাশেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ব্যাপক জ্যামের সৃষ্টি হয়।

এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে যেসব এলাকায় মানুষের যাতায়াত অটোরিকশার ওপর অনেকটাই নির্ভরশীল, সেসব এলাকায় ভোগান্তি আরও বেড়েছে। অটোরিকশা চলাচল বন্ধ থাকায় সিএনজি অটোরিকশার চালকেরা নিজেদের ইচ্ছামতো ভাড়া নিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

অটোরিকশাচালকদের সড়ক অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচলও ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে যানজট। ধর্মঘট ও অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্ট পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্টরা।

অটোরিকশাচালকদের দাবি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কারণে তাদের জীবিকা ও যানবাহন পরিচালনা ব্যাহত হচ্ছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার জাহিদুল ইসলাম বলেন, আমাদের ফোর্স সতর্ক অবস্থানে রয়েছে। অটোচালকদের সমাবেশ থেকে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি।