জুলাই গণঅভ্যুত্থানে রাজু আহমেদ (২৪) হত্যা মামলায় নেত্রকোণা-১ আসনের সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মোশতাক আহমেদ রুহীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন।
এর আগে রিমান্ড শুনানির জন্য তাকে আদালতে হাজির করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি ধরেন। আসামিপক্ষে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপুসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে জননী কুরিয়ার সার্ভিসের সামনে গুলিবিদ্ধ হন ভুক্তভোগী রাজু আহমেদ। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর রাজুর বাবা মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন।
গত ২৩ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. জাহিদুল ইসলাম কবির।





