সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনসহ কমিটির সব কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বুধবার সকালে সদর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। মামলার বাদী ও প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আব্দুস সামাদ সায়েম বিষয়টি জানিয়েছেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রেসক্লাবের আজীবন বহিষ্কৃত সদস্য শরিফুল ইসলাম ইন্না তালা ভেঙে প্রেসক্লাব দখল করে নিজেকে আহ্বায়ক করে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে ১৯ সেপ্টেম্বর ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়, যেখানে ইন্না সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এ কমিটি কয়েক দফায় ৭৮ জন সদস্য অন্তর্ভুক্ত করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় ২০২৬ সালের ২৬ আগস্ট পুনরায় কমিটি গঠনের জন্য প্রেসক্লাবে সাধারণ সভা আহ্বান করা হলে সদস্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান সাধারণ সভা স্থগিত ঘোষণা করেন।
এমন পরিস্থিতিতে প্রেসক্লাবে দ্বন্দ্ব ও সংঘাতের আশঙ্কায় সদস্য আব্দুস সামাদ সায়েম বাদী হয়ে মামলা করেন। শুনানি শেষে আদালত প্রেসক্লাবের নির্বাচনসহ কমিটির সব কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেন।





