চলতি বছরের ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, গঙ্গা চুক্তির ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে ১৯৭৭ সালের চুক্তিতে থাকা পানিপ্রবাহের নিশ্চয়তা বা ‘গ্যারান্টি ক্লজ’ পুনর্বহাল করাই আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকবে।
এ সময় পদ্মা ব্যারেজ প্রকল্পের অগ্রগতির বিষয়েও কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে পদ্মা ব্যারেজের কাজ দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে।
তিস্তা বহুমুখী প্রকল্প নিয়েও সরকারের পরিকল্পনার কথা জানান শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রকল্পটির ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই শেষ হওয়ার পর আগামী বছরই এর মূল কাজ শুরু করতে চায় সরকার।
সেমিনারে পানি ব্যবস্থাপনা, নদী ও পানিসম্পদের ন্যায়সংগত ব্যবহার এবং আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।





