বলিউডের কিং শাহরুখ খানের সঙ্গে অভিষেক বচ্চনের সম্পর্ক কেবল সহশিল্পীর নয়, বরং অনুজ ও অভিভাবকের। ক্যারিয়ারে পা রাখার বহু আগেই শাহরুখের কাছ থেকে এমন এক অমূল্য জীবনমন্ত্র পেয়েছিলেন অভিষেক, যা আজও তিনি প্রতি মুহূর্তে মেনে চলেন। দীর্ঘ অভিনয় জীবনে সেই একটি পরামর্শই তার কাজের মূল চালিকাশক্তি হয়ে উঠেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো দিনে ফিরে গিয়ে সেই বিশেষ স্মৃতির কথা অকপটে শেয়ার করেছেন সিনিয়র বচ্চনপুত্র। অভিষেক জানান, অভিনয়ে আসার আগের দিনগুলোতে প্রতি রবিবার যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার বাড়িতে ক্রিকেট আড্ডায় মেতে উঠতেন তারা। সেখানে তাদের সঙ্গী হতেন উদয় চোপড়া, হৃতিক রোশান ও সিকান্দার খের।
সেই আনন্দঘন মুহূর্তগুলোতে নিয়মিত উপস্থিতি ছিল শাহরুখ খানেরও। তরুণ এই গ্যাংয়ের কাছে কিং খান ছিলেন একদম বড় ভাইয়ের মতো। কাজের বাইরেও তরুণ অভিষেককে পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে আগলে রাখতেন তিনি। এমনকি তাদের আসন্ন নতুন সিনেমা ‘কিং’-এর ক্ষেত্রেও অভিষেকের পাশে একইভাবে দাঁড়িয়েছেন শাহরুখ।
শোবিজে আসার আগে একদিন কৌতূহলবশত শাহরুখকে প্রশ্ন করেছিলেন, তার নিজের অভিনীত প্রিয় সিনেমা কোনটি? উত্তরে শাহরুখ বলেছিলেন, ‘আমার প্রিয় সিনেমা সেটাই, যেটা আমি এই মুহূর্তে করছি। কারণ যে কাজটা আমি করছি, সেটাই যদি আমার সবচেয়ে প্রিয় না হয়, তবে আমি সেটা করছি কেন? এখনকার কাজটাই আমার কাছে সেরা হতে হবে। অতীতে কী হয়েছে, তা অতীত; সেটা নিয়ে পড়ে থাকার কোনো মানে নেই।’
উল্লেখ্য, দীর্ঘ সময় পর সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ সিনেমায় আবারো একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন শাহরুখ খান ও অভিষেক বচ্চন। এই সিনেমার মাধ্যমে বড়পর্দায় ডেবিউ করছেন শাহরুখ-কন্যা সুহানা খান। এমনকি একটি বিশেষ নাচের দৃশ্যে কারিনা কাপুর খানকেও দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।





