পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের কোনো সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রমজান সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পথে রয়েছে। পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে বাজারে কোনো সংকট তৈরি হবে না।

বৃহস্পতিবার ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি বৈশ্বিক বাস্তবতা। এর প্রভাব ভোগ্যপণ্যের দামেও পড়েছে। তবে আমদানি শুল্ক কমিয়ে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার।

তিনি বলেন, দেশের যেকোনো জায়গা থেকে ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স করতে পারবেন। পাশাপাশি বছরজুড়ে ফলের সরবরাহ স্থিতিশীল রাখতেও সরকার কাজ করছে।

সভায় বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। এসব সমস্যা আমলে নিয়ে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।

এছাড়া, প্রধান পণ্যগুলোর সরবরাহ ও দাম পর্যবেক্ষণে চেম্বার নিয়মিত আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে বলেও জানান তিনি।