শুটিংয়ের সময় দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে দৃশ্যধারণের সময় ক্যামেরাসহ চিত্রগ্রাহক তার মুখের ওপর পড়ে গেলে নাকসহ মুখে আঘাত পান তিনি। পরে হাসপাতালে এক্স-রে করালেও নাক ভাঙেনি বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
সোমবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে দুর্ঘটনার বিবরণ দেন উর্বী।
তিনি জানান, মহাখালীর ক্যান্সার ইনস্টিটিউটে একটি দৃশ্যের শুটিং চলছিল। দৃশ্যের প্রয়োজনে হাসপাতালের বেডে শুয়ে ছিলেন তিনি। অন্যরা বেডটি টেনে একটি কক্ষে নিয়ে যাচ্ছিলেন। এ সময় ক্লোজ শট নেওয়ার জন্য চিত্রগ্রাহক বেডের ওপর উঠে তার মুখের সামনে ক্যামেরা স্থাপন করছিলেন। হঠাৎ বেডটি ঝাঁকি খেলে ভারসাম্য হারিয়ে ক্যামেরাসহ উর্বীর মুখের ওপর পড়ে যান তিনি।
দুর্ঘটনার পর মুহূর্তের জন্য কিছু দেখতে ও কথা বলতে পারছিলেন না বলে জানান উর্বী। ব্যথাও ছিল অসহনীয়। হাসপাতালে এক্স-রে করানোর পর জানা যায়, তার নাক ভাঙেনি। তবে আঘাতে নাক ফুলে গেছে।
এ ঘটনায় শুটিং ইউনিটের কাউকে দায়ী করতে চান না এই অভিনেত্রী। তার মতে, সবাই নিজ নিজ দায়িত্ব পালন করছিলেন; এটি ছিল নিছক দুর্ঘটনা। আঘাত পাওয়ার পরও কাজে ফিরেছেন তিনি। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়ার পাশাপাশি শুটিংয়ে যুক্ত ব্যক্তিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন উর্বী। বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় আসেন প্রিয়ন্তী উর্বী। ২০২১ সালে অনিরুদ্ধ রাসেলের ‘ভেজা বেড়াল’ নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি। পরে মেজবাউর রহমান সুমনের ‘কোথায় পালাবে বলো রূপবান’ দিয়ে ওটিটি অঙ্গনে পরিচিতি পান।
উর্বীর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওয়েব ফিল্ম ‘ক্যাফে ডিজায়ার’, ‘অপলাপ’ ও ‘এই মুহূর্তে’, ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘কালপুরুষ’। এ ছাড়া ‘নীলচক্র’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।





