পোপ লিওর ফুসফুসে ক্যানসার

পোপ লিওর ফুসফুসে ক্যানসার শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রোমের জেমেলি হাসপাতালে অস্ত্রোপচার করে তাঁর ডান ফুসফুসের নিচের অংশের একটি লোব অপসারণ করেছেন চিকিৎসকেরা। ৭১ বছর বয়সী পোপের অস্ত্রোপচার সফল হয়েছে এবং এতে কোনো জটিলতা দেখা দেয়নি।

ভ্যাটিকানের এক চিকিৎসা বিবৃতিতে জানানো হয়েছে, পোপের ফুসফুসে অ্যাডেনোকার্সিনোমা নামের ক্যানসার শনাক্ত হয়েছে। এটি ফুসফুসের ক্যানসারের একটি পরিচিত ধরন। অস্ত্রোপচারের সময় টিস্যু পরীক্ষা করে চিকিৎসকেরা ক্যানসারের বিষয়টি নিশ্চিত হন।

সম্প্রতি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় পোপের ফুসফুসে একটি টিউমার ধরা পড়ে। পরে সেটি অপসারণের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

পোপের প্রধান সার্জন ড. স্তেফানো মারগারিতোরা ও ব্যক্তিগত চিকিৎসক ড. লুইজি কার্বোনে জানান, অস্ত্রোপচারটি প্রায় ৯০ মিনিট ধরে চলে। ভিডিও-সহায়ক পদ্ধতিতে ডান ফুসফুসের নিচের লোবটি অপসারণ করা হয়েছে। এর উদ্দেশ্য ছিল ক্যানসারে আক্রান্ত টিস্যু সরিয়ে ফেলা।

তবে ক্যানসারটি কতটা ছড়িয়েছে, তা এখনো স্পষ্ট নয়। টিউমারের আকার এবং ক্যানসার লসিকাগ্রন্থিতে ছড়িয়েছে কি না, তা জানা গেলে পোপের শারীরিক অবস্থা ও চিকিৎসার সম্ভাবনা সম্পর্কে আরও ভালোভাবে ধারণা পাওয়া যাবে।

যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ফুসফুস ক্যানসার বিশেষজ্ঞ ড. স্টিফেন লিউ বলেন, ক্যানসার কোন পর্যায়ে রয়েছে, তা জানা চিকিৎসা ও রোগের ভবিষ্যৎ অবস্থা বোঝার জন্য গুরুত্বপূর্ণ। তাঁর মতে, ক্যানসার ছোট হলে এবং লসিকাগ্রন্থিতে না ছড়ালে অস্ত্রোপচারের মাধ্যমে রোগটি নিরাময় হওয়ার সম্ভাবনা থাকে। তবে ক্যানসার বেশি ছড়িয়ে পড়লে পরিস্থিতি জটিল হতে পারে।

অস্ত্রোপচারের পর বিশ্রামে পোপ

ভ্যাটিকানের বিবৃতিতে বলা হয়েছে, অস্ত্রোপচারের পর পোপের জ্ঞান স্বাভাবিকভাবেই ফিরে আসে। পরে তাঁকে হাসপাতালের কক্ষে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে বিশ্রামে রয়েছেন।

মানুষের ফুসফুসে মোট পাঁচটি লোব থাকে। এর মধ্যে ডান ফুসফুসে তিনটি এবং বাম ফুসফুসে দুটি লোব রয়েছে। পোপের অস্ত্রোপচারে ডান ফুসফুসের নিচের লোবটি অপসারণ করা হয়েছে।