রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। তাঁর পরনে কালো জিনসের প্যান্ট ছিল। সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) এসআই মো. নাদিরউজ্জামান জানান, সোমবার সন্ধ্যায় নাখালপাড়া এলাকায় রেললাইনে এগারসিন্দুর গোধূলি ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





