কেরানীগঞ্জে প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম মানিক। সোমবার দিবাগত রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, মানিকের শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।
মানিক শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার বাহাদুরপুর মুন্সি মাঝি গ্রামের সেলিম খানের ছেলে। তিনি কেরানীগঞ্জে ওই কারখানার পাশের একটি ভাড়া বাসায় থাকতেন। দুই ছেলেসন্তানের জনক ছিলেন তিনি। তাঁর এক ছেলের বয়স পাঁচ মাস, অন্যজনের দুই বছর।
উল্লেখ্য, সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জের আটাসুর রোড এলাকায় আটতলা ভবনের অষ্টম তলায় অবস্থিত একটি প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় আগুন লাগে। ওই দিন ঘটনাস্থলেই সাকিব নামে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মানিকের মৃত্যুতে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়াল।





