অক্টোবরে গতি ফিরল অর্থনীতিতে, কৃষি ও উৎপাদন খাতে আশার আলো

টানা দুই মাস সংকোচনের পর অবশেষে ইতিবাচক ধারায় ফিরেছে বাংলাদেশের অর্থনীতি। গত অক্টোবরে দেশের সার্বিক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) সেপ্টেম্বরের তুলনায় ৩ দশমিক ২ পয়েন্ট বেড়ে ৫১ দশমিক ৮-এ পৌঁছেছে। এর ফলে কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা—অর্থনীতির এই চার প্রধান খাতেই ইতিবাচক গতি এসেছে।

সোমবার (৯ নভেম্বর) পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) এই তথ্য জানিয়েছে। এর আগে রবিবার (৮ নভেম্বর) যৌথভাবে অক্টোবর মাসের পিএমআই প্রতিবেদন প্রকাশ করে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পিইবি। প্রতিবেদন অনুযায়ী, পিএমআই সূচকে ৫০-এর বেশি স্কোরকে ‘সম্প্রসারণ’ বা প্রবৃদ্ধি এবং ৫০-এর নিচে স্কোরকে ‘সংকোচন’ হিসেবে ধরা হয়।

খাতভিত্তিক চিত্র: কৃষি খাত: টানা ১৪ মাসের মতো প্রবৃদ্ধি ধরে রেখে এই খাতে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখা গেছে। সেপ্টেম্বরের তুলনায় ৬ দশমিক শূন্য পয়েন্ট বেড়ে অক্টোবরে এ খাতের সূচক দাঁড়িয়েছে ৬১ দশমিক ২-এ। নতুন ব্যবসা, ব্যবসায়িক কর্মকাণ্ড ও কর্মসংস্থান সূচকে গতি এসেছে। একই সঙ্গে কাজের বকেয়া (অর্ডার ব্যাকলগ) আবারও ইতিবাচক ধারায় ফিরেছে।

উৎপাদন (ম্যানুফ্যাকচারিং) খাত: সেপ্টেম্বরের ধাক্কা সামলে ৬ দশমিক ১ পয়েন্ট বেড়ে এ খাতের সূচক ৫০ দশমিক ৯-এ পৌঁছেছে। এর মাধ্যমে খাতটি আবার সম্প্রসারণের ধারায় ফিরেছে। কাঁচামাল ক্রয়, প্রক্রিয়াজাত পণ্যের মজুত ও আমদানি বেড়েছে। তবে নতুন আদেশ (নিউ অর্ডার), রপ্তানি আদেশ ও কারখানার উৎপাদন এখনো কিছুটা চাপের মধ্যে রয়েছে।

নির্মাণ খাত: এই খাতের সূচক ২ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ৫১ দশমিক শূন্যে দাঁড়িয়েছে, যার মাধ্যমে সূচকটি ৫০-এর সীমা অতিক্রম করেছে। সেপ্টেম্বরে স্থবিরতার পর কর্মসংস্থান সূচকে ইতিবাচক ধারা দেখা গেছে। তবে কাজের সার্বিক গতি এবং নতুন কাজ পাওয়ার ক্ষেত্রে এখনো সংকোচন রয়ে গেছে।

সেবা খাত: এই খাতের সূচক ১ দশমিক ৩ পয়েন্ট বেড়ে অক্টোবরে ৫০ দশমিক ৩-এ দাঁড়িয়েছে। এর মাধ্যমে খাতটিতে সামান্য সম্প্রসারণের ধারা নিশ্চিত হয়েছে। নতুন কর্মসংস্থান সৃষ্টি হলেও সামগ্রিক সেবা খাতের ব্যবসা এবং নতুন কাজের গতি এখনো কিছুটা ধীর।

প্রতিবেদনে আরও উঠে এসেছে, চার প্রধান খাতেই সার্বিক উৎপাদন খরচ বা ইনপুট কস্ট অব্যাহতভাবে বাড়ছে। তবে ‘ফিউচার বিজনেস ইনডেক্স’-এর তথ্যানুযায়ী, চার খাতেই আগামী দিনের ব্যবসা-বাণিজ্য নিয়ে আশাব্যঞ্জক পূর্বাভাস পাওয়া গেছে। দেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও অনুকূল হওয়ার প্রত্যাশা করছেন।

প্রতিবেদনের বিষয়ে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এম মাশরুর রিয়াজ বলেন, দুটি কঠিন মাসের পর অক্টোবরে পিএমআই সূচকের ইতিবাচক ধারায় ফেরা অর্থনীতির জন্য ছোট কিন্তু একটি ইতিবাচক সংকেত। বিশেষ করে কৃষি ও রপ্তানি খাতের পারফরম্যান্স এতে বড় ভূমিকা রেখেছে। এই পুনরুদ্ধার এখনো বেশ নাজুক। ম্যানুফ্যাকচারিং, নির্মাণ ও সেবা খাতে নতুন অর্ডার ও ব্যবসা এখনো চাপের মুখে, অন্যদিকে উৎপাদন খরচও চড়া।

তিনি আরও বলেন, অর্থনীতির এই গতি ধরে রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, চলতি মূলধনের সংকট দূর করা এবং ব্যবসা পরিচালনার খরচ বৃদ্ধি নিয়ন্ত্রণ করা জরুরি। উদ্যোক্তাদের এই আত্মবিশ্বাসকে বাস্তব বিনিয়োগ ও উৎপাদনে রূপান্তর করতে পরিবেশ আরও সহজ ও পূর্বানুমানযোগ্য করা দরকার।