যুক্তরাজ্যে সরকারবিরোধী রুশ অধিকারকর্মীর রাজনৈতিক আশ্রয় মঞ্জুর করেছে সেদেশের অভিবাসন ট্রাইব্যুনাল। ইউক্রেনীয় সেনার জন্য আয়োজিত একটি তহবিলে মাত্র ২২ পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ৩৫০০ টাকা) অনুদান দেওয়া এবং ভ্লাদিমির পুতিন সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে রাশিয়ায় ফিরলে তিনি মারাত্মক নিপীড়ন ও বিচারিক হয়রানির মুখোমুখি হতে পারেন; এমন আশঙ্কা বিবেচনা করে তাকে এ অনুমতি দেওয়া হয়েছে।
সংবাদপত্রের সূত্র অনুযায়ী, এডি ছদ্মনামের ওই রুশ নাগরিক ২০২২ সালের ১ এপ্রিল বৈধভাবে ওয়ার্কার ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেন এবং পরবর্তী বছরের ৩০ জুন রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন। রাশিয়ায় থাকাকালে তার রাজনৈতিক কর্মকাণ্ড, বিরোধী দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ এবং সরকারবিরোধী বিভিন্ন বিক্ষোভে সক্রিয় উপস্থিতিকেই তিনি আশ্রয়ের মূল ভিত্তি হিসেবে তুলে ধরেন।
রিপোর্টে উঠে এসেছে, ২০১৩ সাল থেকে রাশিয়ায় রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এই অধিকারকর্মী। সে বছরই তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির ব্যানারে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই তাকে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য অজ্ঞাতপরিচয় নম্বর থেকে ফোনে হুমকি দেওয়া শুরু হয়। পরবর্তীতে তিনি আর নির্বাচনে অংশ না নিলেও ২০১৪ সালে ক্রিমিয়া দখলের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। সময়ের সাথে সাথে পুতিন সরকারের বিরুদ্ধে তাঁর অবস্থান আরও কঠোর হয় এবং তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পাশাপাশি ইউক্রেনপন্থী ও সরকারবিরোধী লিফলেট বিলি করা শুরু করেন। ২০২১ সালের ২৪ জানুয়ারি বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির সমর্থনে এবং পুতিন সরকারের বিরুদ্ধে আয়োজিত এক শান্তিপূর্ণ সমাবেশেও তিনি অংশ নেন, যেখানে পুলিশ আন্দোলনকারীদের ঘিরে ফেলে আটক করা শুরু করেছিল।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরু হলে তাঁর পুতিনবিরোধী অবস্থান আরও তীব্র রূপ নেয়। সেসময় তিনি ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মাধ্যমে ইউক্রেনীয় সেনাবাহিনীর তহবিলে ২২ পাউন্ডের একটি অনুদান পাঠান। যুক্তরাজ্যে আসার পরও তিনি থেমে থাকেননি। লন্ডনে রুশ দূতাবাস ও ডাউনিং স্ট্রিটের সামনে আয়োজিত অন্তত ১০টিরও বেশি পুতিনবিরোধী ও ইউক্রেনপন্থী বিক্ষোভে যোগ দিয়েছেন। পাশাপাশি তিনি ইউকে ভিত্তিক সংগঠন রাশিয়ান ডেমোক্রেটিক সোসাইটি’র (আরডিএস) ভিডিও এডিটর হিসেবে স্বেচ্ছাসেবী কাজ করেছেন। তাঁদের তৈরি টিকটক ভিডিও সম্পাদনা করেছেন, যা বেশ নজর কেড়েছিল। এমনকি ২০২৪ সালে একটি দণ্ডকৌলে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করা বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির একটি স্মারকস্থলে শ্রদ্ধা জানাতেও তাঁকে দেখা গেছে।
প্রাথমিকভাবে ২০২৪ সালের ৮ মে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতর (হোম অফিস) তার আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করেছিল। তাদের যুক্তি ছিল, ওই ব্যক্তির রাজনৈতিক কর্মকাণ্ড এমন কোনো পর্যায়ের নয় যা রাশিয়ান কর্তৃপক্ষের বিশেষ নজরে আসবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা প্রথম আপিলও খারিজ হয়ে যায়। তবে পরবর্তীতে সেই রায়ে আইনি ত্রুটি চিহ্নিত হলে কেসটি আবার ট্রাইব্যুনালে পাঠানো হয়। পুনর্বিচারের পর উচ্চতর ট্রাইব্যুনাল (আপার ট্রাইব্যুনাল) তার পক্ষে রায় ঘোষণা করেন।
সূত্র: টেলিগ্রাফ





