বছর শেষে নতুন জীবন শুরু করবেন মিমি, জল্পনা তুঙ্গে

তবে কি জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। সময়টাও খুব বেশি দূরে নয়, চলতি বছরের ৫ ডিসেম্বরই নাকি সাতপাকে বাঁধা পড়বেন অভিনেত্রী। এমনটাই গুঞ্জন চাউর হয়েছে টলিপাড়ার অন্দরমহলে।

দীর্ঘদিন ধরেই মিমির বিয়ে নিয়ে নানা কানাঘুষো শোনা যাচ্ছিল। এবার সেই চর্চায় নতুন মাত্রা যোগ করল কলকাতার এক নামী ফ্যাশন ডিজাইনারের স্টোরে মিমির উপস্থিতি। সম্প্রতি বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোর থেকে বেরোতে দেখা গেল অভিনেত্রীকে। তাহলে কি বিয়ের সাজ চূড়ান্ত করতেই সেখানে হাজির হয়েছিলেন তিনি, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে।

মিমি অবশ্য নিজের বিয়ে নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি। কিন্তু ইন্ডাস্ট্রির ভেতরে খবর, আগামী ৫ ডিসেম্বর জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী। পাত্রও নাকি বিনোদনজগতের কেউ নন। সিদ্ধার্থ নামে এক ব্যক্তির সঙ্গে বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন মিমি, এমনটাই দাবি ঘনিষ্ঠ মহলের। পেশায় তিনি ভারতের নৌবাহিনীর সঙ্গে যুক্ত বলে শোনা যাচ্ছে। যদিও তার পেশাগত পরিচয় নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন তথ্য সামনে এসেছে।

তবে বিয়ের প্রস্তুতি যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, সেই জল্পনাই এখন তুঙ্গে।

বলিউডের বিয়ের সাজ বলতে যে কয়েকজন ডিজাইনারের নাম প্রথমেই মাথায় আসে, তাদের মধ্যে অন্যতম সব্যসাচী মুখোপাধ্যায়। দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, কিয়ারা আদবানি, অদিতি রাও হায়দারি থেকে রানি মুখার্জি, একাধিক তারকার বিয়ের পোশাক তৈরি করেছেন তিনি। মুম্বাইয়ের পাশাপাশি দক্ষিণ কলকাতাতেও রয়েছে তার স্টোর। আর সেখানেই সম্প্রতি হাজির হয়েছিলেন মিমি।

ফলে প্রশ্ন উঠছে, তবে কি বিয়ের দিন সব্যসাচীর ডিজাইন করা পোশাকেই ধরা দেবেন এ টলি নায়িকা? অবশ্য এ প্রশ্নের উত্তর পেতে খোদ মিমি কিংবা তার প্রতিনিধি থেকে নিশ্চিত বার্তা না পাওয়া পর্যন্ত জল্পনা যে চলতেই থাকবে, তা বলাই বাহুল্য।