যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পরও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) নিজেদের অঙ্গীকার বহাল রাখার কথা জানিয়েছে তেহরান।
তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা সীমিত রেখেছে দেশটি। একই সঙ্গে ইরানের কট্টরপন্থীদের মধ্যে পারমাণবিক বোমা তৈরির পক্ষে দাবি জোরালো হচ্ছে।
সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আন্তর্জাতিক চুক্তির প্রতি ইরানের অঙ্গীকার স্থগিত করা হয়নি। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা পরিস্থিতি বদলে গেছে। এ অবস্থায় আইএইএর সঙ্গে স্বাভাবিক পরিস্থিতির মতো সহযোগিতা করা সম্ভব নয়।
বাঘাই জানান, কয়েক দিন আগে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আইএইএ’র নতুন পরিদর্শন হয়েছে। যুদ্ধের সময় সরাসরি বোমা হামলার শিকার না হওয়ায় এটিই বর্তমানে সংস্থাটির পরিদর্শনের সুযোগ পাওয়া একমাত্র স্থাপনা। তবে নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শন এখনও বন্ধ রয়েছে।
আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসি গত অক্টোবরের শেষ দিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানান, প্রয়োজনীয় তথ্য ও প্রবেশাধিকার না পাওয়ায় ইরানের পারমাণবিক উপকরণের বর্তমান অবস্থা যাচাই করা যাচ্ছে না।
বিশ্লেষকদের মতে, ইরান একদিকে এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার পথ পুরোপুরি বন্ধ করছে না, অন্যদিকে কূটনৈতিক আলোচনাও সচল রাখতে চাইছে। আন্তর্জাতিক সংকট পর্যবেক্ষণ সংস্থার আলী ভায়েজের মতে, বুশেহরে পরিদর্শনের অনুমতি দিয়ে তেহরান কূটনীতির পথ খোলা রাখছে, পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূগর্ভস্থ স্থাপনাগুলোর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখছে।
এদিকে ইরানের নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি একাধিকবার এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনার কথা তুলেছেন। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্রও বলেছেন, পারমাণবিক নীতিতে পরিবর্তন এলে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে।
অন্যদিকে, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে ইরান। দেশটি জানিয়েছে, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠাবে না, তবে আন্তর্জাতিক তত্ত্বাবধানে ইরানের ভেতরেই এর সমৃদ্ধির মাত্রা কমাতে রাজি হতে পারে।
বিশ্লেষকদের ধারণা, পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থায়ী সমঝোতায় পৌঁছাতে হলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, মজুত এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিরও সমাধান প্রয়োজন হবে। সূত্র: আল-জাজিরা





