পাকিস্তানকে নিয়ে সতর্ক থাকতে চান জামাল

দীর্ঘ ২৩ বছর পর আবারও ঘরের মাঠে শিরোপা উদযাপনের সুযোগ পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ। ঘরের মাঠেই সাফ চ্যাম্পিয়নশিপের একমাত্র সাফল্যটি পেয়েছিল বাংলাদেশ।

২০০৩ সালে মালদ্বীপকে টাইব্রেকারে হারিয়ে একমাত্র শিরোপা জিতেছিল স্বাগতিকরা।

এবার সেই মুহূর্ত ফিরিয়ে আনতে চাইলে আগামী শনিবার পাকিস্তানকে সেমিফাইনালে হারাতে হবে বাংলাদেশকে। কাজটা সহজ হবে না বলে মনে করছেন জামাল ভূঁইয়া। গতকাল শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পরেও সেমির প্রতিপক্ষকে সমীহ করার কথা জানান বাংলাদেশের মিডফিল্ডার।

আজ সকালে এবিজি স্পোর্টস সিটিতে হওয়া অনুশীলনের ফাঁকে এমনটিই জানান জামাল। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘(শ্রীলঙ্কার বিপক্ষে) ম্যাচ ভালো ছিল। আমরা চারটা গোল করেছি, এটা একটা ভালো জিনিস। আর আমরা ক্লিনশিট আবারও করেছি, তাই সব মিলিয়ে আমরা সবাই তৃপ্ত এবং খুশি।

এখন মনোযোগ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। কারণ, আমি মনে করি, পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে ভালো দল।’

ফারহান আলি ওয়াহিদের অবিশ্বাস্য গোলে মুগ্ধ হয়েছেন জামাল। তার দেখা সেরা গোলগুলোর একটি মনে করেন তিনি। তার ভাষায়, ‘সম্ভবত জাতীয় স্টেডিয়ামে আমার দেখা সেরা গোলগুলোর একটি (ফারহানের গোলটি)।

আমার মনে হয়, হামজার বাইসাইকেল কিক (নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে) আর ফারহানের গোলটি…আমি মনে করি, ফারহান যে গোলটি গতকাল করেছে, সেটি সেরা তিন গোলের মধ্যে অবশ্যই থাকবে।’

তবে ফারহানকে অন্য কারো সঙ্গে তুলনা করতে চান না জামাল। তিনি বলেছেন, ‘আপনারা নিজেরাই বলতেছেন নেইমার, মেসি, লামিনে ইয়ামাল..(যেমন গোল করে, তেমনটা ফারহানের)। আসলে আমি চাই ফারহান ওর নিজের প্রোফাইল বড় করবে। অন্য খেলোয়াড়ের সঙ্গে তুলো করতে হবে না। আমি চাই ফারহান নিজের নাম বড় করবে। এটা ফারহান আলীর গোল, আর কারো গোল না।’