রাজবাড়ীর পদ্মা নদীতে জেলে লুতফর হালদারের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ। মাছটি প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার ভোরের দিকে দৌলতদিয়ার ৩ ও ৪ নম্বর ফেরিঘাটের মধ্যবর্তী পদ্মা নদীতে জেলের চাপ জালে মাছটি ধরা পড়ে।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, বৃহস্পতিবার ভোরে জেলে মাছটি নিয়ে তার দোকানে আসেন। পরে নিলামের মাধ্যমে দৌলতদিয়া মাছবাজারের রেজাউলের আড়ত থেকে তিনি প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মাছটি কিনে নেন। এতে মাছটির মোট দাম পড়ে ৫৫ হাজার ২০০ টাকা।
তিনি আরও জানান, কেনার পর সামান্য লাভ রেখে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকার গুলশানের এক ক্রেতার কাছে মাছটি বিক্রি করে দিয়েছেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, পদ্মায় বড় আকৃতির একটি কাতল মাছ ধরা পড়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা জানতে পেরেছেন। পদ্মা নদীতে কয়েকটি অভয়াশ্রম করার পরিকল্পনা রয়েছে তাদের।





