চীনের প্রযুক্তিগত উত্থানে দিশেহারা পশ্চিমা বিশ্ব

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উন্নত প্রযুক্তিতে বিশ্ব আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতায় চীনের বিরুদ্ধে ব্যাপক গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা, প্রেমের ফাঁদ, সাইবার হামলা থেকে শুরু করে গবেষণায় অর্থায়ন—বিভিন্ন কৌশল ব্যবহার করে পশ্চিমা দেশগুলোর গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করছে দেশটির গোয়েন্দারা। এমনটাই দাবি পশ্চিমা কর্মকর্তাদের।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে গুপ্তচরবৃত্তির অভিযোগ সামনে আসার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক তৈরির মাধ্যমে চীনা গোয়েন্দারা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তার ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেয়েছিল। এ ঘটনা এমন এক সময়ে সামনে এসেছে, যখন এআই প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান উন্নত চিপ উৎপাদনে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছে চীন।

প্রযুক্তি ও তথ্য সংগ্রহে বহুমুখী অভিযান

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিল্প খাতের তথ্য সংগ্রহে চীনের গোপন তৎপরতার অভিযোগ নতুন নয়। পশ্চিমা কর্মকর্তাদের ধারণা, দেশটির সরকার বিভিন্ন সরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান এমনকি সাধারণ নাগরিকদেরও কাজে লাগিয়ে বিস্তৃত গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে।

এসব তৎপরতার লক্ষ্য শুধু অর্থনৈতিক শক্তি বাড়ানো নয়; সামরিক সক্ষমতা বৃদ্ধি, দেশের অভ্যন্তরে কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ সুসংহত করা এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রভাব বিস্তারও এর উদ্দেশ্য। এ জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত সম্পর্কের সুযোগ নিয়ে তথ্য সংগ্রহ, ব্যাপক সাইবার হামলা, কৌশলগত শিল্পপ্রতিষ্ঠানে বিনিয়োগ এবং স্পর্শকাতর একাডেমিক গবেষণায় অর্থায়ন।

ইউরোপের একটি গোয়েন্দা সংস্থার হিসাব অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় গোয়েন্দা ও নিরাপত্তা কার্যক্রমে প্রায় ছয় লাখ মানুষ যুক্ত রয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপের গোয়েন্দা সংস্থাগুলোর সম্মিলিত সক্ষমতার তুলনায়ও এই সংখ্যা অনেক বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চীনের তথ্য সংগ্রহের কার্যক্রম কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলে সীমাবদ্ধ নয়। বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে প্রযুক্তিগত জ্ঞান ও সামরিকভাবে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করছে বেইজিং। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর এবং কৌশলগত প্রযুক্তির অন্যান্য খাতে পশ্চিমা দেশগুলোর অগ্রগতি সম্পর্কে তথ্য পাওয়াকে গুরুত্ব দিচ্ছে দেশটি।

এনভিডিয়ার শেয়ারে বড় দরপতন
জেনসেন হুয়াংকে ঘিরে গুপ্তচরবৃত্তির অভিযোগের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। সপ্তাহ শেষে এনভিডিয়ার শেয়ারের দাম কমেছে ১৩ শতাংশ।

শুক্রবার অন্যান্য চিপ নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ারেও দরপতন দেখা গেছে। তবে এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বী এএমডি ও ব্রডকমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার নিয়ে গঠিত পিএইচএলএক্স সেমিকন্ডাক্টর সূচক পুরো সপ্তাহে ৮ শতাংশ বেড়েছে।

চীনের চিপ বিক্রিতে নিয়ন্ত্রণের দাবি

এ ঘটনায় ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনা বাড়ছে। চীনের কাছে উন্নত প্রযুক্তির চিপ বিক্রির ক্ষেত্রে আরও কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। তাদের আশঙ্কা, এসব চিপ চীনের সামরিক শক্তি বাড়ানোর পাশাপাশি নজরদারি কার্যক্রমেও ব্যবহার করা হতে পারে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে হোয়াইট হাউসের অভ্যন্তরীণ পরিস্থিতির কথাও উঠে এসেছে। ট্রাম্প প্রশাসনের নতুন চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্টিফেন মিলার নীতিনির্ধারণী প্রক্রিয়ায় পরিবর্তন আনতে ব্যস্ত সময় পার করছেন। এ লক্ষ্যে মন্ত্রিসভার সদস্য ও জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন তিনি। পাশাপাশি কংগ্রেসের ডেমোক্র্যাটদের সম্ভাব্য তদন্ত মোকাবিলার প্রস্তুতিও নিচ্ছেন।

আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির এই অভিযোগ ট্রাম্প প্রশাসনের দুই মন্ত্রীর মধ্যেও বিরোধ তৈরি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সব মিলিয়ে জেনসেন হুয়াংকে ঘিরে ওঠা অভিযোগ চীনের গোয়েন্দা কার্যক্রম নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ আরও বাড়িয়েছে। প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন এবং সামরিক সক্ষমতা জোরদারে বেইজিংয়ের তথ্য সংগ্রহের প্রচেষ্টা এখন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার পাশাপাশি বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতারও গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল