ঢাকা-গাজীপুরসহ তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, মোতায়েন করা ৪২ প্লাটুনের মধ্যে ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলে ২০ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

অন্যদিকে, গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় দায়িত্ব পালন করছেন ১৫ প্লাটুন বিজিবি সদস্য।

এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শিল্পাঞ্চলের মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন সদস্যরা।

পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।