কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা নিউইয়র্কের মেয়র মামদানির

‡_mvjwbwK
থেসালনিকিনিউইয়র্ক সিটির কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগার কমপ্লেক্স ২০৩২ সালের মধ্যে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা উন্মোচন করেছেন মেয়র জোহরান মামদানি। শুক্রবার ঘোষিত এই নতুন সময়সীমা পূর্বনির্ধারিত সময়সীমার চেয়ে পাঁচ বছর পর নির্ধারণ করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, রাইকার্স আইল্যান্ডের পরিবর্তে শহরের চারটি বরোতে (প্রশাসনিক অঞ্চল) নতুন কারাগার নির্মাণ করা হবে এবং এর পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও বন্দীদের পুনর্বাসন কর্মসূচিসহ নানা পদক্ষেপ নেওয়া হবে।

এক সংবাদ সম্মেলনে মেয়র মামদানি স্বীকার করেন যে সিটি কাউন্সিল আগামী বছরের মধ্যেই বিতর্কিত এই কারাগারটি বন্ধের নির্দেশ দিয়েছিল। তবে তার পূর্বসূরিদের বিলম্বের কারণেই সময়সীমা বাড়ানো জরুরি হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।

মামদানি বলেন, ‘এই অধ্যায়টিকে যা আলাদা করে তুলবে তা হলো এটি শেষ পর্যন্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের অঙ্গীকার, জননিরাপত্তার একটি টেকসই নতুন পথ তৈরি করা এবং অতীতে যেখানে অনেক প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে, সেখানে আমাদের দেওয়া কথা রাখা।’

সহিংস পরিস্থিতির কারণে কারারক্ষী ও বন্দী উভয়ের জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগে রাইকার্স আইল্যান্ড দীর্ঘদিন ধরেই সমালোচিত। গত এক দশকে হেফাজতে কয়েক ডজন মৃত্যু এবং প্রতি বছর হাজার হাজার বলপ্রয়োগের ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতির উন্নতি ঘটাতে শহর কর্তৃপক্ষ ব্যর্থ হওয়ায় গত বছর এক ফেডারেল বিচারক কারাগারটির নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের হাত থেকে নিয়ে একজন স্বাধীন ‘রিমিডিয়েশন ম্যানেজার বা সংস্কার ব্যবস্থাপকের হাতে তুলে দেন। মামদানি জানান, ওই সংস্কার ব্যবস্থাপকের সঙ্গে পরামর্শ করেই তার এই বন্ধের পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং সেভাবেই তা বাস্তবায়ন করা হবে।

মেয়রের পরিকল্পনা অনুযায়ী, ডাউনটাউন ব্রুকলিনে প্রথম বরো-ভিত্তিক কারাগারটি ২০২৯ সালে চালু হবে এবং পরবর্তী তিন বছরে বাকি তিনটি কারাগার খোলা হবে। বন্দীরা যাতে সহজেই পরিবার ও আইনি সহায়তা পেতে পারেন, সেজন্য গণপরিবহন, আদালত এবং আবাসিক এলাকার কাছাকাছি এই নতুন কারাগারগুলো নির্মাণ করা হচ্ছে।

বর্তমানে রাইকার্স আইল্যান্ডে প্রায় ৬ হাজার ৬০০ জন বন্দী রয়েছেন। মেয়রের পরিকল্পনা অনুসারে, ব্রুকলিন কারাগার চালুর সময় এই সংখ্যা ৫ হাজার ৫০০-তে এবং ২০৩২ সালের মধ্যে ৪ হাজার ১০০-তে নামিয়ে আনা হবে। মামদানি জানান, কারাবাসের বিকল্প ব্যবস্থা তৈরি, গ্রেপ্তার ও আটকের হার কমাতে নিউইয়র্কবাসীদের জন্য কর্মসংস্থান ও আবাসনের সুযোগ বৃদ্ধি এবং শহরের আদালতগুলোতে মামলার জট কমিয়ে দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করার মাধ্যমে তিনি বন্দীর সংখ্যা কমাবেন।

এ ছাড়া এই পরিকল্পনার আওতায় গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগা বন্দীদের জন্য হাসপাতালে নতুন করে ২৩৬টি থেরাপিউটিক শয্যা স্থাপন করা হবে, যা তাঁর প্রশাসনের ইতোমধ্যে চালু করা ১০৬টি শয্যার অতিরিক্ত। পাশাপাশি আগামী অর্থবছরে চিকিৎসা ও শিক্ষা খাতে ১৪ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগের ঘোষণাও দেওয়া হয়েছে।