ক্যানসার সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলাগুলোর নিষ্পত্তিতে আগাছানাশক ‘রাউন্ডআপ’-এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান বায়ারের ৭২৫ কোটি ডলারের ক্ষতিপূরণ প্রস্তাবে অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। শুক্রবার দেওয়া এ রায়কে যুক্তরাষ্ট্রের ইতিহাসে বড় অঙ্কের যৌথ মামলা নিষ্পত্তির ঘটনাগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা হচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এ সিদ্ধান্তের ফলে রাউন্ডআপ আগাছানাশকের সংস্পর্শে এসে রক্তের ক্যানসার বা নন-হজকিন লিম্ফোমায় (এনএইচএল) আক্রান্ত হয়েছেন, এমন কয়েক হাজার মানুষ ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি, যারা অতীতে এই আগাছানাশকের সংস্পর্শে এসেছেন এবং ভবিষ্যতে এ রোগে আক্রান্ত হবেন, তারাও নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ক্ষতিপূরণ চাইতে পারবেন।
মিসৌরি অঙ্গরাজ্যের আদালতের বিচারক টিমোথি বয়ার তার রায়ে বলেন, আদালত ক্ষতিপূরণসংক্রান্ত চুক্তিটি সম্পূর্ণ ও চূড়ান্তভাবে অনুমোদন করেছেন।
এ মামলায় ক্যানসারে আক্রান্ত বাদীপক্ষের নিযুক্ত প্রধান আইনজীবী ক্রিস্টোফার সিগার এএফপিকে টেলিফোনে বলেন, ‘আজ সত্যিই একটি আনন্দের দিন।’
ইতোমধ্যে নন-হজকিন লিম্ফোমায় আক্রান্ত ব্যক্তিরা ক্ষতিপূরণ হিসেবে ১০ হাজার থেকে ১ লাখ ৬৫ হাজার ডলার পর্যন্ত পাবেন। রাউন্ডআপ আবাসিক কাজে, নাকি পেশাগত প্রয়োজনে ব্যবহার করা হয়েছে—যেমন বাগান বা ল্যান্ডস্কেপ পরিচর্যার কাজে—এমন বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হবে।
সিগার বলেন, রাউন্ডআপের কারণে ক্ষতিগ্রস্ত অধিকাংশ মানুষের ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে এই সমঝোতাই ছিল কার্যত একমাত্র বাস্তবসম্মত পথ।
এর কারণ হিসেবে তিনি বলেন, গত জুনে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট একটি মামলায় বায়ারের পক্ষে রায় দেন। এর ফলে পণ্যের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে যথাযথ সতর্কবার্তা না দেওয়ার অভিযোগে অঙ্গরাজ্যগুলোর আদালতে দায়ের করা মামলার সুযোগ আর থাকছে না।
সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) রাউন্ডআপকে ক্যানসার সৃষ্টিকারী নয় বলে যে অবস্থান নিয়েছে, তা অঙ্গরাজ্যগুলোর আদালতে পণ্যটির কারণে ক্যানসার হয়েছে—এমন অভিযোগের বিরুদ্ধে প্রাধান্য পাবে।
সিগার ব্যাখ্যা করেন, অধিকাংশ বাদীর জন্য ক্ষতিপূরণ পাওয়ার সবচেয়ে কার্যকর আইনি পথ ছিল এ ধরনের মামলা। সুপ্রিম কোর্টের রায়ের আগেই এই সমঝোতা হয়েছিল। তবে পরবর্তী সময়ে আদালতের সিদ্ধান্ত যা-ই হোক, চুক্তি মেনে চলতে উভয় পক্ষ সম্মত হয়েছিল।
যারা আগে কোনো মামলা করেননি, কিন্তু রাউন্ডআপের সংস্পর্শে এসেছিলেন, তারাও আগামী বছরগুলোতে নন-হজকিন লিম্ফোমায় আক্রান্ত হলে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ক্ষতিপূরণের আবেদন করতে পারবেন।
২০১৮ সালে যুক্তরাষ্ট্রের কৃষি রাসায়নিক পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান মনস্যান্টোকে অধিগ্রহণের পর থেকে রাউন্ডআপ-সংশ্লিষ্ট হাজার হাজার মামলা নিষ্পত্তিতে কয়েক শ কোটি ডলার ব্যয় করেছে বায়ার।
এএফপিকে দেওয়া এক বিবৃতিতে বায়ার জানায়, তারা আশা করছে, এই সমঝোতা এবং সুপ্রিম কোর্টের রায়—দুইয়ের সম্মিলিত প্রভাবে রাউন্ডআপ নিয়ে চলমান আইনি বিরোধের অবসান ঘটবে।
বায়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিল অ্যান্ডারসন বলেন, ‘আদালতের চূড়ান্ত অনুমোদন রাউন্ডআপ-সংক্রান্ত চলমান ও ভবিষ্যৎ আইনি ঝুঁকি কমানোর ক্ষেত্রে কোম্পানির কৌশলের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’
‘সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী’ উপাদান
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অধীন আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা (আইএআরসি) ২০১৫ সালে রাউন্ডআপের প্রধান সক্রিয় উপাদান গ্লাইফোসেটকে মানুষের জন্য ‘সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী’ হিসেবে শ্রেণিবদ্ধ করে।
তবে বায়ারের দাবি, বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন প্রমাণ করে যে এই আগাছানাশক নিরাপদ।
গত বছর কয়েক দশক ধরে বহুল উদ্ধৃত একটি প্রভাবশালী গবেষণাপত্র প্রত্যাহার করা হয়। ওই গবেষণায় দাবি করা হয়েছিল, রাউন্ডআপ ব্যবহারে গুরুতর স্বাস্থ্যঝুঁকি নেই। গবেষণাপত্রটি প্রত্যাহারের মধ্য দিয়ে দীর্ঘদিনের বিতর্ক নতুন করে সামনে আসে। এতে উঠে আসে, কীভাবে করপোরেট স্বার্থ বৈজ্ঞানিক গবেষণার ফলাফলকে প্রভাবিত করতে পারে এবং সরকারি সিদ্ধান্ত গ্রহণেও প্রভাব ফেলতে পারে।
গবেষণাপত্রটি প্রকাশ করেছিল ‘রেগুলেটরি টক্সিকোলজি অ্যান্ড ফার্মাকোলজি’ সাময়িকী। এটি প্রত্যাহারের কারণ হিসেবে সাময়িকীটি বেশ কিছু গুরুতর ত্রুটির কথা উল্লেখ করে। এর মধ্যে ছিল, সে সময় হাতে থাকা ক্যানসার-সংক্রান্ত গবেষণার তথ্য বাদ দেওয়া এবং মনস্যান্টোর কর্মীদের গবেষণায় অবদানের বিষয়টি প্রকাশ না করা।
১৯৭০-এর দশকে আগাছানাশক হিসেবে বাজারে আসে গ্লাইফোসেট। শুরুতে ডিডিটির তুলনায় এটিকে কম বিষাক্ত বলে মনে করা হয়েছিল।
তবে ১৯৯০-এর দশকে এর ব্যবহার দ্রুত বাড়তে থাকায় উদ্বেগও বাড়তে শুরু করে। বিশেষ করে, মনস্যান্টো গ্লাইফোসেট-সহনশীল বীজ বাজারে আনার পর ফসলের জমিতে ব্যাপকভাবে এই রাসায়নিক ছিটানোর সুযোগ তৈরি হয়। ফলে এর স্বাস্থ্য ও পরিবেশগত প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে।
এরপর বেশ কয়েকটি দেশ গ্লাইফোসেটের ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করার উদ্যোগ নেয়। এসব দেশের মধ্যে ফ্রান্সও রয়েছে। দেশটি বাড়ির আশপাশে ব্যবহারের ক্ষেত্রে এই রাসায়নিক নিষিদ্ধ করেছে।
অন্যদিকে, ক্রমবর্ধমান মামলার চাপের মুখে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের আবাসিক এলাকায় ব্যবহারের জন্য রাউন্ডআপের সরবরাহ পর্যায়ক্রমে বন্ধ করার সিদ্ধান্ত নেয় বায়ার।





