গোপালগঞ্জে ৪৮ ঘণ্টার লকডাউন ঘিরে খণ্ড খণ্ড মিছিল, শহরজুড়ে থমথমে পরিস্থিতি

নি,ষিদ্ধ আওয়ামী লীগের ডাকা টানা ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করছেন দলটির নেতাকর্মীরা। এতে শহরজুড়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিলের খবর পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আল আমিনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।

তবে এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে শহরে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল থাকলেও মানুষের মধ্যে স্বাভাবিক স্বস্তি ফিরে আসেনি। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হতে চাচ্ছেন না। ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ দেখা গেছে।

সব মিলিয়ে লকডাউন কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জ জেলা শহরে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।