ইন্দোনেশিয়ার বানতেন প্রদেশের সেরাং জেলার চিকান্দে শহরে একটি ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো অন্তত ২৯ জন নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থল থেকে ২৪টি মৃতদেহ বহনকারী ব্যাগ সরিয়ে নিয়েছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় পিটি ফনুসা আগুং মুলিয়া নামের ওই কারখানায় আগুন লাগে এবং এতে কারখানাটি প্রায় ধ্বংস হয়ে গেছে।
রোববার রাতে উদ্ধারকাজ বন্ধ রাখার পর সোমবার সকাল থেকে নিখোঁজ কর্মীদের সন্ধানে পুনরায় কাজ শুরু করেছেন উদ্ধারকর্মীরা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই কারখানাটি ইন্দোনেশিয়ার ইউনাইটেড ফ্যামিলি ফুড কোম্পানির অংশ। কারখানাটির সিইও স্টিভেন আরউইন উইজায়া এক সংবাদ সম্মেলনে জানান, আগুন লাগার সময়কার পালায় কারখানায় প্রায় ৩০০ কর্মী উপস্থিত ছিলেন।
একই সংবাদ সম্মেলনে পুলিশের দুর্যোগে নিহত ব্যক্তিদের শনাক্তকরণ বিভাগের কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে খালি চোখে দেখে উদ্ধারকৃত মরদেহ শনাক্ত করা যাচ্ছে না। এ কারণে নিখোঁজ শ্রমিকদের স্বজন ও তাঁদের ব্যক্তিগত জিনিসপত্র থেকে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সম্পন্ন হতে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে।
পরে এক বিবৃতিতে কারখানা কর্তৃপক্ষ জানায়, একটি তিনতলা ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যেখানে ৬৫ জন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে ২৪ জন বাড়ি ফিরেছেন, ২৯ জন নিখোঁজ রয়েছেন, চারজন চিকিৎসা নিয়েছেন এবং বাকি আটজনের অবস্থা নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, একটি মৃতদেহ বহনকারী ব্যাগে একাধিক ব্যক্তির শরীরের অংশ থাকতে পারে; ফলে প্রকৃত মৃতের সংখ্যা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। রোববার প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটির বিভিন্ন অংশ ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে এবং অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য, ইউনাইটেড ফ্যামিলি ফুড প্রায় ৫ হাজার কর্মী নিয়ে ইন্দোনেশিয়াজুড়ে ভোগ্যপণ্য উৎপাদন করে এবং বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির ২৫ কোটিরও বেশি ভোক্তা রয়েছে।





