রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। আদালতের রায়ের পর মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাজ্যের এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা পাঁচ কর্মকর্তা হলেন মিও হুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেত ও, কিয়াও সোয়ে ও এবং কিয়াও সোয়ার ও।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, গণহত্যার মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে মূল্যবোধের প্রতিফলন থাকা জরুরি। একই সঙ্গে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর গণহত্যার সময় মিয়ানমারের সামরিক বাহিনীর নেতৃত্বে ছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। ওই সময় সংঘটিত বহু নৃশংসতার জন্য তিনি সরাসরি দায়ী। এ কারণে ২০২১ সালেই তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য।
মিলিব্যান্ড মিয়ানমারে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধের আহ্বান জানিয়ে বলেন, অপরাধীদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের নৃশংসতা পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যবস্থাও নিতে হবে।
এ ছাড়া দেশটিতে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করতে যুদ্ধ বন্ধ, বেসামরিক মানুষের ওপর বিমান হামলা বন্ধ এবং রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার দাবি জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি রাজনৈতিক সংকট সমাধানে সব পক্ষের অংশগ্রহণে সংলাপ শুরুর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ বন্ধে নতুন আইন প্রণয়নের পরিকল্পনার কথাও জানিয়েছেন মিলিব্যান্ড। গত সপ্তাহে আইসিজের রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হয়। সোমবার ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের তিনি জানান, চলতি সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করা হবে। এ নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত বৃহস্পতিবার আইসিজে মিয়ানমারের বিরুদ্ধে দেওয়া রায়ে উল্লেখ করেছে, আদালতে উপস্থাপিত প্রমাণ পর্যালোচনায় গণহত্যার উদ্দেশ্যই একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত হিসেবে প্রতীয়মান হয়েছে। বিচারক প্যানেলের ১৫ সদস্যের মধ্যে ৯ জন রায়ের পক্ষে এবং ৬ জন বিপক্ষে ভোট দেন। ১৯৪৮ সালের গণহত্যা সনদের একাধিক ধারা লঙ্ঘনের অভিযোগও সংখ্যাগরিষ্ঠ বিচারকের সমর্থন পেয়েছে।
রায়ে বলা হয়, ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক অভিযান চলাকালে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল। ওই অভিযানে বহু গ্রাম পুড়িয়ে দেওয়া, নারী ও কিশোরীদের ধর্ষণের মতো নৃশংসতার অভিযোগ ওঠে। তবে মিয়ানমার কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
সামরিক অভিযানের সময় প্রাণ বাঁচাতে ৭ লাখের বেশি রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বিভিন্ন সময়ে দেশ ছেড়ে পালানো রোহিঙ্গার সংখ্যা ১২ লাখের বেশি। এসব শরণার্থীকে আশ্রয় ও মানবিক সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ।
গণহত্যার সময় মিয়ানমারের নেতৃত্বে ছিলেন অং সান সু চি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। দেশটিতে সংঘাত এখনো অব্যাহত রয়েছে। রাখাইন রাজ্যে বিমান হামলার পাশাপাশি আরাকান আর্মির সহিংসতাও চলছে।
মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়ের প্রতি সমর্থন জানিয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডাসহ আরও কয়েকটি দেশ।





