ইউপি চেয়ারম্যান হত্যায় ১০ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের সাতকানিয়ায় চাঞ্চল্যকর আমজাদ হোসেন চেয়ারম্যান হত্যা মামলায় প্রায় ২১ বছর পর ১০ আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে পাঁচজনকে। আর খালাস পেয়েছেন চারজন।

রবিবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের মধ্যে সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেজাম উদ্দিনও রয়েছেন।

প্রায় ২১ বছর আগে ১৯৯৯ সালের ৩ অক্টোবর সাতকানিয়া মির্জারখিল দরবার শরিফের সামনে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় আমজাদ হোসেনের স্ত্রী রওশন আকতার বাদী হয়ে মামলা করেন। ২০০০ সালের ২২ ডিসেম্বর এ হত্যা মামলার চার্জশিট দাখিল করে পুলিশ। এ মামলায় ২০ আসামির মধ্যে একজন মারা গেছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমজাদ হোসেনের স্ত্রী ও মামলার বাদী রওশন আক্তার বলেন, ‘স্বামী হত্যার বিচার চেয়ে ২১ বছর ধরে অপেক্ষা করেছি। আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পেয়ে আমি আনন্দিত। আমি আর কিছু চাই না।’রায় দ্রুত কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।