ঢাকা: শিক্ষার গুণগত মান উন্নয়নে ২০২১-২২ সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আসন সংখ্যা পুনর্নির্ধারণের বিষয়টি বিবেচনায় নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। এ বিষয়ে একটি সুপারিশও প্রণয়ন করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে আলোচনার পর এই সুপারিশ সিন্ডিকেট সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডিনস কমিটির এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার গুণগত মান উন্নয়ন ও যথোপযুক্ত দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ডিনস কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের কিছু ডিপার্টমেন্টের আসন সংখ্যা কমানোর সুপারিশ করা হয়েছে, যার সংখ্যা অন্তত ১ হাজার হতে পারে। একই সঙ্গে কিছু ডিপার্টমেন্টে আসন বৃদ্ধি করারও সুপারিশ করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা গণমাধ্যমকে বলেন, বাজার চাহিদার বিষয়টি মাথায় রেখে মোট আসন সংখ্যা পুনর্নির্ধারণ করা হবে। যেমন- জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা আইটির (তথ্যপ্রযুক্তি) মতো বিষয়গুলোতে ছাত্রসংখ্যা বৃদ্ধি হতে পারে। আবার কলা অনুষদের বেশকিছু বিভাগে অনেক বেশি শিক্ষার্থী রয়েছে। সেগুলোও পুনর্নির্ধারণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালসহ বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সংশ্নিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট ও অনুষদগুলোর চাহিদা পর্যালোচনা করা হয় এবং ভর্তির যৌক্তিক আসন সংখ্যা নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণীত হয়। এই সুপারিশ অনুমোদনের জন্য পরবর্তী একাডেমিক কাউন্সিলের সভায় পেশ করা হবে।
প্রভাতনিউজ/এনজে





