২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর, ফরম পূরণ শুরু আজ

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ আজ বৃহস্পতিবার থেকে অনলাইনে শুরু হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার ঢাকা শিক্ষা বোর্ড ফরম পূরণ ও পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা জারি করেছে।

শিক্ষা বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সকল পরীক্ষার্থী ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে চতুর্থ বিষয় ব্যতীত সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাঁরাই কেবল এই বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৯ নভেম্বরের মধ্যে ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে। আর ফরম পূরণের নির্ধারিত ফি জমা দেওয়ার শেষ সময় ১০ নভেম্বর ২০২৬।

অনলাইনে ফরম পূরণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইট ঢাকা শিক্ষা বোর্ড থেকে সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রদর্শন ও যাচাই করতে হবে। এরপর নির্বাচিত তালিকার প্রিন্ট কপিতে পরীক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর গ্রহণ করে ইলেকট্রনিক ফরম ফিলআপ (eFF) প্রক্রিয়া সম্পন্ন করার বিধান রাখা হয়েছে। বিস্তারিত জানতে শিক্ষা বোর্ডের অফিসিয়াল বিজ্ঞপ্তি নির্দেশিকাটি (PDF) দেখে নেওয়া যেতে পারে।

এবারের পরীক্ষার ফি বাবদ তত্ত্বীয় প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি পত্রের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি কেন্দ্র ফি হিসেবে দিতে হবে ৪৫০ টাকা। ফি পরিশোধের ক্ষেত্রে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ‘সোনালী সেবা’র মাধ্যম ব্যবহার করে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে জমা দিতে হবে। নগদ টাকা, পে-অর্ডার, মানি অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে ফি গ্রহণ করা হবে না। সময়সীমা পার হওয়ার পর কোনো আবেদন বা ফি গ্রহণ করা হবে না বলে বোর্ড কর্তৃপক্ষ নির্দেশনায় কঠোরভাবে সতর্ক করেছে।