ঢাকা: স্বামী সন্তান আক্রান্ত হয়েছিলেন করোনার নতুন ভার্সন ওমিক্রনে। এ ভাইরাস থেকে রক্ষা পেতে আলাদা থাকা শুরু করেছিলেন বাংলাদেশের মডেল অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলা। থাকছিলেন আইসোলেশনে। তবু শেষ রক্ষা হলো না। ওমিক্রন তাকে মুক্তি দেয়নি।
করোনায় আক্রান্ত হয়েছেন এ অভিনেত্রী। গতকাল নিজেই গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। মিথিলা এ মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন। সেখানেই তিনি আইসোলেশনে আছেন। জানা গেছে, কিছুদিন আগে তার স্বামী কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি করোনায় আক্রান্ত হন। তখন সন্তানসহ (তাহসানের সন্তান) কলকাতায়ই অবস্থান করছিলেন তিনি। সৃজিতের আক্রান্তের পর সন্তানসহ আলাদা হয়ে যান মিথিলা।
এরপর সন্তানেরও করোনা ধরা পড়ে। সবশেষে আক্রান্ত হন তিনিও। মিথিলা জানিয়েছেন, কয়েকদিন ধরেই শরীর খারাপ বোধ করছিলেন তিনি। করোনার সব লক্ষণ ছিল তার মধ্যে। এসব নিয়েই আইসোলেশনে ছিলেন। তিনি বলেন, ‘লক্ষণ মিলে যাওয়ায় ৩-৪ দিন আগে কোভিড-১৯ টেস্ট করাই। রিপোর্ট নেগেটিভ আসে।
কিছুটা স্বস্তি পেলেও লক্ষণগুলো যাচ্ছিল না। তাই ৬ জানুয়ারি আবারও নমুনা পরীক্ষা করাই। একইদিন বিকালে রিপোর্টে আসে পজিটিভ। সবার কাছে দোয়া চাই, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরতে পারি।’ এদিকে মিথিলা করোনায় আক্রান্ত হওয়ার আগে দেশে ও কলকাতায় কয়েকটি কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
প্রভাতনিউজ/এনজে





