ফের বিয়ে করছেন সোহম

ঢাকা: ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী। যদিও এই অভিনেতা বিয়ে করতে চান না। তবে তার ছোট্ট মেয়ের জন্য অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হলেন। ভাবছেন, এসব কি বলছি? সোহম তো হ্যাপিলী ম্যারিড। তা আবার অভিনেতা বিয়ে করতে যাবেন কেন? তবে এটি বাস্তবে নয়, তার নতুন সিনেমায় এমনটি দেখা যাবে।

রাজা চন্দ পরিচালিত ‘হার মানা হার’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করবেন সোহম। শিগগিরই সিনেমাটির শুটিংয়ে অংশ নিচ্ছেন অভিনেতা। সিনেমাটিতে পরিচালক তুলে ধরবেন একটি ‘ত্রিকোণ প্রেম’-এর গল্প।

এতে আরো অভিনয় করছেন পায়েল সরকার, আয়ুষী তালুকদার, সুদীপ্তা চক্রবর্তী ও শিশু শিল্পী সিলভিয়া দে। এই শিশুশিল্পী সিলভিয়াকে নিয়েই সিনেমার গল্প এগিয়ে যাবে।

সিনেমায় সোহমের চরিত্রের নাম বিক্রম। যিনি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও খুবই ধনী। বিক্রমের একটি দশ বছরের মেয়ে আছে, যার নাম মিষ্টি। সোহম অর্থাৎ বিক্রমের মেয়ের চরিত্রে অভিনয় করবে শিশুশিল্পী সিলভিয়া। সিনেমার গল্পে বিক্রমের স্ত্রী মারা গেছেন। বিক্রম একা হাতে নিজের মেয়েকে বড় করতে হিমশিম খাচ্ছেন।

তখন বোন শ্রেয়সী তাকে আরেকটি বিয়ে করার পরামর্শ দেন। বোনের পরামর্শ প্রথমে বিক্রম না মানলেও পরে পরিস্থিতি বিবেচনা করে রজি হয়ে যায়। বিভিন্ন অনলাইন ডেটিং অ্যাপ ও ম্যারেজ সাইট থেকে বিক্রমের জন্য মেয়ে খোঁজা শুরু হয়। এমনকি একজনের সঙ্গে বিয়ে ঠিকও হয়ে যায়।

এরপরই আসে সিনেমার গল্পে মোড়। বিক্রমের জীবনে আসে বুলবুলি। যাকে বিক্রমের ছোট্ট মেয়ে মিষ্টি নিজের মায়ের মতোই ভালোবেসে ফেলে। এই কঠিন পরিস্থিতিতে কি করবে বিক্রম? সেটা দেখার জন্যই সিনেমা হলে যেতে হবে। টানটান উত্তেজনায় ভরা এই পারিবারিক গল্পের সিনেমাটি চলতি বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রভাতনিউজ/এনজে