ঢাকা : চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপে দেশের ২২ জেলার ৪২ উপজেলার ২১৮টি ইউপিতে ভোটগ্রহণ হবে আজ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর মধ্যে ২১৬ ইউপিতে ইভিএমে এবং মাত্র দুইটি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে। এই ধাপে ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। এরইমধ্যে ইভিএম সহ অন্যান্য নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব আসাদুজ্জামান বলেন, ষষ্ঠ ধাপে ২১৮ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরইমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
ইসি সূত্র জানায়, এই নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৪১ লাখ ৮২ হাজার ২৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২১ লাখ ১৪ হাজার ৭২০ জন, নারী ভোটার ২০ লাখ ৬৭ হাজার ৫৩৭ জন। এছাড়াও ৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এসব ভোটার দুই হাজার ১৮৬টি কেন্দ্রের ১৩ হাজার ৩০৫টি কক্ষে ভোট প্রদান করবেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ষষ্ঠ ধাপের ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ইসি। এরইমধ্যে নির্বাচনের সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। ষষ্ঠ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৪৪ প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩২ জন এবং সাধারণ সদস্য পদে ১০০ প্রার্থী রয়েছেন।
নির্বাচনী এলাকায় এরইমধ্যে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) দিনগত রাত ১২টা থেকে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ৫৪ ঘণ্টার জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এছাড়া শুক্রবার মধ্যরাত থেকে এসব এলাকায় নির্বাচনী প্রচারণাও বন্ধ হয়েছে। আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা পূর্বে নির্বাচনী প্রচারকাজ বন্ধ করতে হয়।
প্রভাতনিউজ/এনজে





