শিশুর পেটে টিভি রিমোটের ব্যাটারি!  

প্রায় সময় শিশুদেরকে মুখে বিভিন্ন জিনিস ঢোকাতে দেখা যায়। এবার টিভি রিমোটের একটি ব্যাটারি গিলে ফেলেছে দুই বছরের এক শিশু। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা সফলভাবে ব্যাটারি বের করে আনেন এবং ছোট্ট ছেলেটির জীবন বাঁচান।

ভারতের কেরালার রাজধানী তিরুবনন্তপুরমের উপকণ্ঠে এ ঘটনা ঘটে।

এনআইএমএস হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট জয়কুমার বলেন, সময়মতো হাসপাতালে নিয়ে আসার কারণেই তারা এন্ডোস্কোপির মাধ্যমে শিশুটির পেট থেকে ব্যাটারি অপসারণ করতে সক্ষম হয়েছেন।

তিনি বলেন, শিশু ঋষিকেশকে আমদের এখানে আনার আগে তার বাবা-মা তাকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছিল। পরে আমাদের এখানে আনার সঙ্গে সঙ্গে আমরা শিশুটিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাই এবং বাচ্চাটিকে অ্যানেস্থেসিয়া দেই। তার পেট থেকে ব্যাটারি বের করে আনতে প্রায় ২০ মিনিট লাগে। এটা অন্য কোথাও জমা হলে ব্যাপারটা খুব কঠিন হয়ে যেত।

শিশুটি এখন সুস্থ ও ভালো আছে বলেও জানান জয়কুমার।

খেলার সময় টিভির রিমোটে ব্যবহৃত পাঁচ সেন্টিমিটার লম্বা এবং দেড় সেন্টিমিটার চওড়া ব্যাটারিটি গিলে ফেলেছিল শিশুটি।