তুষারঝড়ে আমেরিকায় মৃত্যু বেড়ে ৪৯, চারদিনে বাতিল ১৫ হাজার ফ্লাইট

ভয়াবহ শৈত্যঝড়ের কবলে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে দেশটির অধিকাংশ এলাকা তুষারে নিমজ্জিত হয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। এরই মধ্যে এ ঘটনায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। 

এর মধ্যে শুধু নিউ ইয়র্কের এরি কাউন্টিতেই মারা গেছে কমপক্ষে ২৭ জন। এই হালনাগাদ মৃতের সংখ্যায় বাফেলো শহরের মৃতদের তথ্যও যোগ করা হয়েছে। 

সোমবার এরি কাউন্টির নির্বাহী মার্ক পোলানকারজ এক সংবাদ এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ভয়াবহ এই শৈত্যঝড়ে পশ্চিম নিউ ইয়র্কের কয়েকটি এলাকায় ৪৩ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। এতে সড়কে যানবাহন আটকা পড়েছে। বড়দিনের ছুটির মধ্যে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার নাগরিক।

স্থানীয় সময় সোমবার সকাল থেকে মঙ্গলবার বেলা ১টা নাগাদ আরও ৮ থেকে ১৩ ইঞ্চি তুষারপাত হতে পারে বলে আশঙ্কা করছেন এরি কাউন্টির কর্মকর্তারা। 

এবারের তুষারঝড়কে বাফেলোর ১৯৭৭ সালের ভয়াবহ তুষারঝড়ের সঙ্গে তুলনা করা হচ্ছে।