প্রতারণার মামলায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
বুধবার (২৮ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে রাজধানীর গুলশান থানায় দায়ের হওয়া ওই মামলাটির আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।
আসামিপক্ষের আইনজীবী আহসান হাবিব গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
এদিন কারাগারে আটক ইভ্যালির এমডি রাসেলকে আদালতে হাজির করা হয়। তবে জামিনে থাকা আসামি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। আদালত তার আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে আদালত ইভ্যালির এমডি রাসেলের উপস্থিতিতে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
অনলাইনে পণ্য বিক্রির নামে ৩ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ইভ্যালির এমডি রাসেল ও চেয়ারম্যান শামীমার বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করেছিলেন এক গ্রাহক। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।





