একাদশের বইয়ের দাম বাড়ছে ১৫-২৭ শতাংশ

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির সব বইয়ের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। কাগজের দাম বিবেচনায় নিয়ে এবং প্রকাশকদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনসিটিবি ১৫ শতাংশ দাম বাড়ানোর পক্ষে থাকলেও প্রকাশকদের দাবি ৩০ শতাংশ।

এনসিটিবি কর্তৃপক্ষ জানায়, বইয়ের যৌক্তিক দাম নির্ধারণে প্রতিযোগিতা কমিশনে আবেদন করা হয়েছে। এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘উচ্চ মাধ্যমিকের জন্য চারটি বইয়ের দাম ও পাণ্ডুলিপি চূড়ান্ত করে দেওয়া হবে। ১৮ জানুয়ারির মধ্যে বই তৈরির জন্য দরপত্র চূড়ান্ত করা হবে। বাকি বইগুলো বিভিন্ন প্রকাশনী থেকে ছাপানো হবে। কাগজের দাম বাড়ার কারণে প্রকাশকরা ৫০ শতাংশ দাম বাড়ানোর বিষয়ে বলেছেন। তবে আমরা তাতে রাজি হইনি, অভিভাবকদের ওপর যেন চাপ তৈরি না হয়, সেটা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) সহসভাপতি শ্যামল পাল কালের কণ্ঠকে বলেন, এনসিটিবি থেকে চার বিষয়ের বইয়ের দামের সঙ্গে অন্য বইগুলোর সমান দাম নির্ধারণ করতে হবে। উচ্চ মাধ্যমিকের অন্যান্য বইয়ের দাম ২৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেস মালিক ও বিক্রেতাদের মধ্যে এক সভায় এই দাম চূড়ান্ত করা হয়েছে।

এনসিটিবি সূত্রে জানা যায়, বইয়ের দাম ১৫ শতাংশ বাড়ানো হতে পারে।