বিএনপি অসুস্থ হয়ে গেছে : কাদের

নির্বাচন ঘিরে কেউ আন্দোলনের নামে সহিংসতা করলে আওয়ামী লীগ তার সমুচিত জবাব দেবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, দেশে শেখ হাসিনার সরকার ক্ষমতায়। এই সরকার ক্ষমতায় থাকাকালীন কারো সহিংস আন্দোলনের জন্য জনগণের জান-মালের নিরাপত্তা বিঘ্নিত হলে সরকার দায়ভার এড়াতে পারে না। তাই আগামী নির্বাচনকে ঘিরে যারা জনগণের জান-মালের নিরাপত্তা বিঘ্নিত করবে, আগুন-সন্ত্রাস করতে আসবে,  আন্দোলনের নামে সহিংসতা করবে তাদের অপকর্মের সমুচিত জবাব দেবে আওয়ামী লীগ।বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত লোক ও কারুশিল্প মেলা এবং লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয় অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে আজ বুধবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব।

বিএনপিকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, উসকানি বন্ধ করুন, নতুবা দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা এসব অপকর্ম প্রতিরোধ করব।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন হলে বিএনপির জোটের শেখ হাসিনার সঙ্গে নিশ্চিত পরাজয় হবে। পরাজয় নিশ্চিত দেখে এখন তারা রেগে যাচ্ছে। অসুস্থ রাজনীতি করতে গিয়ে তারা এখন অসুস্থ হয়ে গেছে। আওয়ামী লীগ দেশে শান্তি চায়। সরকার সতর্ক অবস্থানে আছে। পরিস্থিতি বুঝে সময়মতো সব ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো আপস নেই। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, বিশিষ্ট চিত্রশিল্পী মোহাম্মদ আবুল হাশেম খান প্রমুখ।