মধ্যপ্রদেশে বিমানবাহিনীর দুই বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা রাজস্থানেও

একই দিনে ভারতে তিনটি বিমান বিধ্বস্ত হয়েছে। রাজস্থানের ভরতপুরে বিমানবাহিনীর একটি বিমান ভেঙে পড়েছে। পাশাপাশি মধ্যপ্রদেশের মোরেনাতে দুর্ঘটনার কবলে পড়েছে দুই যুদ্ধবিমান। 

সেগুলো হলো- সুখোই ৩০ এবং মিরাজ ২০০০। শনিবার রাজস্থান সফরে যাওয়ার কথা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার আগে বিমানবাহিনীর বিমান দুর্ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।ভরতপুরের নাগলা দিদা এলাকায় একটি চার্টার্ড বিমান ভেঙে পড়ে শনিবার সকালে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা।

স্থানীয় সূত্রের দাবি, দুর্ঘটনাস্থলে বিমানচালকের খোঁজ পাওয়া যায়নি। চালকের সন্ধানে তল্লাশি চলছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। বিমানে কত জন ছিল, তা স্পষ্ট নয়।

শনিবার রাজস্থানের উদয়পুরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। যদিও উদয়পুর থেকে ভরতপুরের দূরত্ব ৫০০ কিলোমিটারের বেশি। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী রাজ্যে নামার আগে বিমান দুর্ঘটনা উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনিক মহলে। কিভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে শনিবার সকালেই মধ্যপ্রদেশে দুর্ঘটনার কবলে পড়েছে বিমানবাহিনীর আরো দুই বিমান। যুদ্ধবিমান সুখোই ৩০ এবং মিরাজ ২০০০ ভেঙে পড়েছে। সেখানেও শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।