মেয়র তাপসকে নিয়ে আপত্তিকর তথ্য প্রচার, মামলার প্রতিবেদন ১৯ মার্চ

নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে জড়িয়ে ফেসবুকে মিথ্যা, আপত্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ মার্চ নতুন দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ধার্য দিনে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর নতুন এদিন ধার্য করেন।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক নিজাম উদ্দিন ফকির।

২০২২ সালের ২৮ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন মেয়র তাপসের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, গত ২৭ এপ্রিল সংঘর্ষের সময় ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে কে বা কারা ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে আপত্তিকর ও মানহানিকর, মিথ্যা বক্তব্য সম্বলিত ভিডিও ও কনটেন্ট প্রচার করে। এর মধ্যে মো. রাকিবুর (Md. Rakibur Rahman Fahim) নামে আইডি থেকে ‘বাংলাদেশ টাইমস’ নামের একটি পেজে প্রকাশিত ভিডিও শেয়ার করা হয়। এ ছাড়া তাজউদ্দিন আহমেদ রাসেল (Tazuddin Ahmed Rasel) নামের আইডি থেকে আইনিউজবিডি ডটকমের (Eyenewsbd.com) একটি পেজের ভিডিও শেয়ার করা হয়। সেসব পোস্টে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উসকানিমূলক, মিথ্যা, ভিত্তিহীন, মানহানিকর, কুরুচিপূর্ণ ও মনগড়া কমেন্ট করছেন। এসব কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ ও প্রচারের মাধ্যমে সামাজিক শান্তিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনিত হচ্ছে। মিথ্যা-বানোয়াট পোস্ট শেয়ারের মাধ্যমে শুধু মেয়রের পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সম্মানহানিই হয়নি, অধিকন্তু রাষ্ট্রের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে অশুভ স্বার্থ চরিতার্থ করতে চান তারা।