জাকিয়া বারী মম। তারকা অভিনেত্রী। গতকাল মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘ওরা ৭ জন’। ওয়েব মাধ্যমের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। নতুন সিনেমা ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে
অনেক শব্দ পাওয়া যাচ্ছে। কোথায় আছেন এখন?
সিনেমা হলে এসেছি। দর্শকের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছি। আছি ব্লকবাস্টার সিনেমাসে। একটু পরই স্টার সিনেপ্লেক্সে যাওয়ার কথা রয়েছে।
‘ওরা ৭ জন’ সিনেমাটি মুক্তিযুদ্ধের অন্যান্য গল্প থেকে কতটা আলাদা?
মুক্তিযুদ্ধ নিয়ে অনেক সিনেমা নির্মিত হয়েছে। গুণী নির্মাতারা এগুলো নির্মাণ করেছেন। একেক সিনেমার গল্প একেক রকম। ‘ওরা ৭ জন’ সিনেমার গল্প একেবারেই আলাদা। মুক্তিযুদ্ধের গল্প নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি। ভিন্ন ভিন্ন পেশা থেকে আসা সাত বীর মুক্তিযোদ্ধার গল্প পর্দায় তুলে এনেছেন নির্মাতা। এটি শুরু হয় রণাঙ্গনে; শেষও রণাঙ্গনে।
দ্বিতীয়বার মুক্তিযুদ্ধের সিনেমায় অভিনয় করেছেন। কাজটি কতটা চ্যালেঞ্জিং ছিল?
এখানে অভিনয় করেছি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে। আমি যুদ্ধ দেখেনি। নানাভাই, মায়ের মুখে যতটুকু শুনেছি, মনে রেখেছি। বইপত্রও পড়তে হয়েছে। চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার চ্যালেঞ্জটাই বড় ছিল। যুদ্ধের গল্পগুলো ছোটবেলায় যখন শুনেছি, অন্যরকম উদ্দীপনা কাজ করেছে। এটি এখন ব্যাখ্যা করে বোঝাতে পারব না। অনেক লম্বা সময় নিয়ে প্রস্তুতি নিয়েছি। সেই সঙ্গে ট্রেনিংও। স্বাধীনতার অর্ধশতাব্দী পর এসে বাংলাদেশ অনেকটাই বদলে গেছে। এই সময়ে এসে মুক্তিযুদ্ধকে তুলে আনা কঠিন। মেঘালয়ের পাশে ৪৫ দিন দৃশ্যধারণে অংশ নিয়েছি। পাল্টে যাওয়া সময়ে এসে আবার পুরোনো সময় নিয়ে আসা কষ্টকর।
সিনেমাটি নিয়ে কেমন আশাবাদী?
পেশাদার অভিনয়শিল্পী হলেও সব কাজ এক রকম শেষ করতে পারি না। কিন্তু ‘ওরা ৭ জন’ হচ্ছে আমার ক্যারিয়ারে ভিন্ন জার্নি। আমি এ সিনেমায় কাজ করে খুবই তৃপ্ত। যে জন্য সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী। মুক্তিযুদ্ধ আমাদের জীবনের সবচেয়ে বড় গৌরবের। এ রকম একটি সিনেমায় কাজের আনন্দই আলাদা।
কেবল মুক্তির যুদ্ধের ছবি এই জন্যই কি ছবিটি দেখা উচিত বলে মনে করছেন?
মুক্তিযুদ্ধের সিনেমা মানেই গৎবাঁধা কিংবা ছকে বাঁধা সিনেমা–এটি ভাবনায় রাখা ঠিক হবে না । বিশেষ করে তরুণ প্রজন্মের দর্শকদের উদ্দেশে বলব, প্রচলিত ইমেজকে মাথায় না রেখে খোলা মনে আমরা যেমন বই পড়ি, তেমনি খোলা মনে সিনেমাটি দেখা উচিত।
এই সময়ে অন্যান্য ব্যস্ততার খবর?
‘ওরা ৭ জন’ সিনেমার প্রচার-প্রচারণা নিয়েই ব্যস্ততা। এটি মুক্তিযুদ্ধের সিনেমা। এটিকে ছড়িয়ে দিতে হবে। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে আমার অভিনীত আরেকটি সিনেমা ‘রেডিও ৭১’। আর কিছুদিন পর এ সিনেমাটির প্রচারণায় নামতে হবে।
নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন?
চূড়ান্ত না হওয়া পর্যন্ত আগে থেকে কিছু বলতে চাই না। নতুন সিনেমায় অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চলছে। পাকাপাকি হলে সবাইকে জানাব।





