চলচ্চিত্র অঙ্গনে দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। কাজ দিয়ে দু’জনেই জয় করেছেন সিনেমাপ্রেমীদের মন। দু’জনের ভক্তকুলের সংখ্যাও নেহাত কম না। আর দু’জনেই অভিনয়ের পাশাপাশি সামাজিক নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন। এবার ঈদে মুক্তিপ্রাপ্ত ৮ সিনেমার মধ্যে আছে অপু-বুবলীর সিনেমা।
ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস ও জয় চৌধুরীর সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। দেশের প্রায় ৯টি হলে মুক্তি পায় এটি। তবে খুব একটা আওয়াজ তুলতে পারেনি সিনেমাটি। অন্যদিকে ঈদে দুটি সিনেমা নিয়ে দর্শকদের সামনে এসেছেন বুবলী। তার অভিনীত সিনেমাগুলো হলো- ‘লিডার আমি বাংলাদেশ’ ও ‘লোকাল’। এর মধ্যে ‘লিডার আমি বাংলাদেশ’-এ তার বিপরীতে আছেন শাকিব খান আর ‘লোকাল’ সিনেমায় দেখা গেছে চিত্রনায়ক আদর আজাদকে।
শুরুতে সিনেমা দুটি ১০০ ও ১২টি হলে পেলেও দ্বিতীয় সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ১০২ ও ১৪-তে। আর ‘প্রেম প্রীতির বন্ধন’র চেয়ে ‘লিডার আমি বাংলাদেশ’ ও ‘লোকাল’র আওয়াজও অনেক বেশি। দর্শকদের কথায়, ‘লিডার আমি বাংলাদেশ’ দারুণ হয়েছে। আর ‘লোকাল’র গল্পটা তাদের মন ছুঁয়ে গেছে। দর্শকদের কথা ভেবে হল মালিকরাও সিনেমাগুলো চালাচ্ছে তাদের বড় পর্দায়।





