মৌনী রায় সমকামী! সত্যিটা অবশেষে বলেই ফেললেন অভিনেত্রী

দুবাইয়ের ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণার পর থেকেই বলিপাড়ার ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী মৌনী রায়কে নিয়ে গুঞ্জনের শেষ নেই। টিনসেল টাউনের বাতাসে ভাসছে নানা মুখরোচক চর্চা।

প্রথম দিকে খবর রটেছিল, সূরজের পরকীয়া ও প্রতারণার কারণেই নাকি এই চার বছরের দাম্পত্যে ইতি পড়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিতর্কের মোড় ঘোরে সম্পূর্ণ অন্যদিকে।

বলিপাড়ার একাংশের দাবি, অভিনেত্রী দিশা পাটানীর সঙ্গে মৌনীর ‘অতি ঘনিষ্ঠ’ বন্ধুত্বই নাকি ফাটল ধরিয়েছে তাঁর সংসারে। অনবরত চলা এই কাঁটাছেঁড়ার মাঝেই এবার নিজের যৌন অভিরুচি ও সমকামিতার গুঞ্জন নিয়ে সটান মুখ খুললেন মৌনী।

সম্প্রতি ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকেও দিশার উদ্দেশ্যে ‘মনকেমন’ ও ভালোবাসার বার্তা পাঠান তিনি। এরপরই দেশে ফিরে একটি জনপ্রিয় পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সব বিতর্ক ধুয়ে মুছে সাফ করলেন মৌনী।

সঞ্চালক যখন তাঁকে চারপাশের গুঞ্জন নিয়ে প্রশ্ন করেন, তখন কোনো রাখঢাক না করেই মৌনী হাসতে হাসতে উল্টে প্রশ্ন করেন, ‘ওহ! আমি সমকামী কি না, সেই গুঞ্জন তো?’

বিচ্ছেদের পর জীবনে চলা কঠিন পর্বের কথা উল্লেখ করে অভিনেত্রী জানান, তিনি অত্যন্ত সৌভাগ্যবান যে জীবনের প্রতিটা চড়াই-উতরাইয়ে পরিবার ও বন্ধুদের পাশে পেয়েছেন।

বিশেষ করে নিজের নারী বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমার জীবনে অসাধারণ কিছু বান্ধবী আছেন। আমি আমার বান্ধবীদের বড্ড ভালোবাসি। জীবনে এমন নারীদের থাকা খুব জরুরি-যাঁরা আপনাকে সবসময় উৎসাহিত করবেন। সেই দিক থেকে আমার বান্ধবীরাই সেরা।

একই সঙ্গে বর্তমান প্রজন্মের মেয়েদের উদ্দেশে আত্মনির্ভরশীলতার বার্তা দিয়ে মৌনী বলেন, আজকের দিনে দাঁড়িয়ে মেয়েদের আর্থিক ও মানসিক স্থিতিশীলতার দিকে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত। আপনাকে মানসিক এবং আর্থিক ভাবে স্বাধীন হতেই হবে।
উল্লেখ্য, নেটপাড়ার একটা বড় অংশের ধারণা ছিল, মৌনী ও দিশার রসায়ন কেবল সাধারণ বন্ধুত্বের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। আর এই ‘গভীর’ সম্পর্কের প্রভাবই নাকি পড়েছে তাঁর বিবাহিত জীবনে। মাঝে অবশ্য দিশা পটানীর সঙ্গে পাঞ্জাবি গায়ক তলবিন্দরের প্রেমের গুঞ্জন ছড়াতেই নেটিজেনরা দিশাকে কটাক্ষ করতে ছাড়েননি। তবে জল বেশিদূর গড়ানোর আগেই এবার ময়দানে নামেন মৌনীর প্রাক্তন স্বামী সূরজ নাম্বিয়ার।

বিচ্ছেদ নিয়ে যাবতীয় নোংরা রাজনীতি বন্ধ করতে এক বিবৃতিতে সূরজ সাফ জানান, আমাদের সম্পর্ক ভাঙার পর এখন কিছু বন্ধুদের নাম টেনে আনা হচ্ছে। কিন্তু, তাঁদের সঙ্গে আমাদের বিচ্ছেদের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই।

শুধু দিশার সঙ্গে সম্পর্কের তত্ত্বই নয়, বিচ্ছেদের পর মৌনী নাকি সূরজের কাছ থেকে বিপুল অঙ্কের খোরপোশ দাবি করেছেন-এমন খবরও রটেছিল। তবে প্রাক্তন স্ত্রীর সম্মান রক্ষার্থে সেই সমস্ত অভিযোগকেও স্রেফ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন সূরজ।

কানের মঞ্চে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মৌনীও নিন্দুকদের উদ্দেশ্যে বলেছিলেন, লোকজন তো কথা বলবেই। লোকজনের কাজই কথা বলা। ওদের বলতে দিন। প্রাক্তন দম্পতির এমন স্পষ্ট বার্তার পর দিশাকে জড়িয়ে চলা কুৎসিত জল্পনায় আপাতত ইতি পড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।