সালটা ছিল ২০০৭। ভারতীয় সিনেমা জগতের অন্যতম ‘হট অ্যান্ড হ্যাপেনিং’ জুটি তখন জন আব্রাহাম ও বিপাশা বসু। ঠিক সেই সময়েই পর্তুগালের লিসবনে একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে হাজির হন ‘বলিউড ডিভা’ বিপাশা বসু।
আর সেখানেই মঞ্চ শেয়ার করেন বিশ্ব ফুটবলের যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে। কিন্তু সেই অনুষ্ঠানের পরই আচমকা কিছু ছবি আর খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে চারদিকে।
দাবি করা হয়, সিআরসেভেন এবং বিপাশা নাকি একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়েছিলেন। প্রায় দুই দশক ধরে চলতে থাকা এই হাই-প্রোফাইল রহস্যের আসল সত্যিটা ঠিক কী? অবশেষে তা খোলসা করলেন স্বয়ং বিপাশা বসু। ঠিক কী ঘটেছিল সেই রাতে?
একটি পুরনো সাক্ষাৎকারে সেই রাতের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে জল্পনার অবসান ঘটিয়েছেন এই বাঙালি অভিনেত্রী। বিপাশা জানান, মূল অনুষ্ঠানটি শেষ হওয়ার পর তাঁরা সবাই মিলে লিসবনের একটি নাইটক্লাবে গিয়েছিলেন।
সেই রাতের পরিবেশ কেমন ছিল, তা স্পষ্ট করে বিপাশা বলেন, ক্লাবের ভেতর প্রচণ্ড জোরে গান বাজছিল। কান ফাটানো আওয়াজের কারণে কেউ কারও কথা স্বাভাবিকভাবে শুনতে পাচ্ছিলাম না। এর সঙ্গেই বিপাশা মনে করিয়ে দেন রোনাল্ডোর দীর্ঘ চেহারার কথা।
রোনাল্ডোর উচ্চতা বিপাশার চেয়ে অনেকটাই বেশি। ফলে চারপাশের কোলাহলের মাঝে বিপাশা কী বলছেন তা শোনার জন্য এবং নিজের কথা বোঝানোর জন্য রোনাল্ডো বারবার নিচু হচ্ছিলেন এবং বিপাশার কানের কাছে মুখ নামিয়ে কথা বলছিলেন।
অভিনেত্রীর দাবি, রোনাল্ডোর বারবার নিচু হয়ে কানের কাছে কথা বলার সেই মুহূর্তের ছবি বা ভিডিওকেই সংবাদমাধ্যমের একাংশ বিকৃতভাবে ও চটকদার করে উপস্থাপন করেছিল।
বিতর্ককারীদের একহাত নিয়ে ‘জিসম’ অভিনেত্রী পাল্টা প্রশ্ন তোলেন, যদি ক্রিশ্চিয়ানো সত্যিই আমাকে চুমু খেয়েই থাকত, তবে সেই স্পষ্ট ছবিটা কোথায়? বাজারে যে কটা ছবি ঘুরে বেড়াচ্ছে, তার একটাও তো চুম্বনের নয়। সব অন্য মুহূর্তের ছবি। বিপাশার এই যুক্তি এক ঝটকায় দীর্ঘদিনের এই গুঞ্জনকে ধুলোয় মিশিয়ে দেয়।
উল্লেখ্য, এই হাই-প্রোফাইল বিতর্ক নিয়ে খোদ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোনওদিন প্রকাশ্যে মুখ খোলেননি। তবে বলিউড গুঞ্জন বলছে, এই ঘটনার পর থেকেই নাকি জন আব্রাহামের সঙ্গে বিপাশার দীর্ঘদিনের মধুর সম্পর্কে চিড় ধরতে শুরু করে, যা পরবর্তীতে ব্রেক-আপে রূপ নেয়।





