লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন কেন তাকে ফুটবলের এক অনন্য অধ্যায় হিসেবে দেখা হয়। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে একাই তিন গোল করে দলকে জেতান ৩৮ বছর বয়সী এই অধিনায়ক। ম্যাচ শেষে তার প্রশংসায় ভাসলেন কোচ লিওনেল স্কালোনি, তবে এবার তার প্রতিক্রিয়া ছিল ভিন্ন।
স্কালোনি বলেন, মেসির এমন ‘অবর্ণনীয়’ পারফরম্যান্স এখন আর বিস্ময়ের বিষয় নয়। তার ভাষায়, সে এমন কিছু করে, যা ব্যাখ্যা করা কঠিন। কিন্তু আমরা আর অবাক হই না। ম্যাচ শেষে মুগ্ধ স্কালোনি অকপটে স্বীকার করেন, ‘দেখুন, রিও মেসিকে বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। আমি আর কী-ই বা বলতে পারি? সে স্রেফ অবিশ্বাস্য।’
এই হ্যাটট্রিকে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-এ, যেখানে তিনি এখন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন। একই ম্যাচে তিনি আরেকটি ইতিহাস গড়েছেন-বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করা খেলোয়াড় হিসেবে।
এই ম্যাচটি ছিল মেসির ক্যারিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ এবং একই সঙ্গে তিনি প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার রেকর্ড গড়েছেন।
তবে জয় পেলেও সতর্ক থাকার বার্তা দিয়েছেন আর্জেন্টিনা কোচ। স্কালোনি বলেন, এই বিশ্বকাপে যে কোনো দল যে কাউকে হারাতে পারে, তাই আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।
তিনি আরও যোগ করেন, দলের সাফল্যের মূল শক্তি হলো খেলোয়াড়দের পারস্পরিক বোঝাপড়া ও মানসিক দৃঢ়তা। চাপের মুহূর্তে এই ঐক্যই এগিয়ে নিচ্ছে আর্জেন্টিনাকে!





