জাতীয় সংসদের বাজেট আলোচনায় সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মু. মিজানুর রহমান।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এ দাবি করেন তিনি। এদিন বিকেল ৩টা ২ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
মু. মিজানুর রহমান বলেন, আমরা বাজেটের ওপর কথা বলছি। সম্পূরক বাজেট এই মহান জাতীয় সংসদে পাস হয়েছে। মাননীয় সংসদ সদস্যরা অনেক টাকার সম্পূরক বাজেটও পাস করেছেন। কিন্তু সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোতে থাকার জন্য যেটা দেওয়া হয়েছে, তার জানালা-দরজার পর্দা এখনো পর্যন্ত ঝোলানো হয়নি।
স্পিকারের উদ্দেশে তিনি বলেন, আমরা শুনেছিলাম যে আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেনও দেওয়া হবে। এই পর্দা, মাইক্রোওভেন এবং ওয়াশিং মেশিনগুলো আপনার মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি।
বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, শুধু বড় আকারের বাজেট প্রণয়ন করলেই হবে না, এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। দরিদ্র জনগোষ্ঠীর জন্য ভাতা ও বিভিন্ন কার্ডভিত্তিক সহায়তা সাময়িক স্বস্তি দিতে পারে, তবে দীর্ঘমেয়াদে দারিদ্র্য বিমোচনের জন্য কর্মসংস্থান সৃষ্টির বিকল্প নেই। তিনি তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় শিক্ষা খাতে বরাদ্দের ব্যবহার নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই সংসদ সদস্য। তার অভিযোগ, শিক্ষা বাজেট ব্যয়ের ক্ষেত্রে সমন্বয় ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে।





